রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম বন্দরের ইজারায় রেলওয়ের জমি দখল

ইব্রাহিম খলিল
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বন্দরের ইজারায় রেলওয়ের জমি দখল
  • গড়ে তোলা হচ্ছে মার্কেট-দোকানপাট ও ভাসমান বাজার
  • মারাত্মক ঝুঁকি নিয়ে রেল চলাচল
  • মূলে বিএনপি নেতা সেলিম ও কামাল সিন্ডিকেট

চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম সল্টগোলা ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশ এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছে মার্কেট-দোকানপাট ও ভাসমান বাজার। যেখান থেকে কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য চালাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের একটি প্রভাবশালী সিন্ডিকেট।

এর মূলে রয়েছেন পেট্টোলিয়াম ট্যাংকলরি মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. কামাল উদ্দিন। আর অবৈধ এই দখল বাণিজ্য তদারকি করেন মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে তারা রেলের এই বিপুল জায়গা দখল করেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের মতে, এই দখল বাণিজ্যের কারণে একদিকে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে রেল চলাচল, অন্যদিকে কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্যে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষ ও স্থানীয় মানুষের মনে।

স্থানীয়দের ভাষ্য, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম সল্টগোলা ক্রসিং এলাকায় রেল লাইনের দুই পাশ দখল করে অবৈধ দোকানপাট ও ভাসমান বাজার গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ ইজারার মাধ্যমে রেলওয়ের বিপুল জায়গা দখল করে কোটি টাকার বাণিজ্যে নেমেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে পেট্টোলিয়াম ট্যাংকলরি মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ মো. কামাল উদ্দিন বলেন, রেলের জায়গা যারা দখল করেছে তাদের সঙ্গে আমি নাই। থাকলে প্রমাণ করেন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ইজারা নিয়ে আমরা ইনভেস্ট করছি। রেলওয়ের কোনো জায়গা আমরা দখল করিনি। রেলওয়ের জায়গা দখল করলে রেলওয়েকে বলেন আমাদের উচ্ছেদ করতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর ওই জায়গা পুলিশ ও পলিটিক্যাল মানুষ অবৈধভাবে ভোগ করেছে। এই প্রথম রাজস্ব দিয়ে আমরা ইজারা নিয়েছি। এতে মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। আমরা যা করছি সম্পূর্ণ বৈধভাবে করছি।

বন্দরের ইজারা পাওয়ার তথ্যসমূহ অনুসন্ধানে জানা গেছে, গত ১৩ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ছয় মাসের জন্য ৮ হাজার বর্গফুট জায়গা ইজারা নেন স্থানীয় বিএনপি নেতা ও বন্দরের ঠিকাদার মো. আব্বাস উদ্দিন। তবে সেই ৮ হাজার বর্গফুট জায়গার আড়ালে সিডিএ ফ্লাইওভারের নিচসহ রেলওয়ের প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গা দখল করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিএনপি নেতা ও বন্দরের ঠিকাদার মো. আব্বাস উদ্দিন ইজারা নিলেও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের ছত্রছায়ায় তার অনুসারী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এই দখলযজ্ঞ চলছে।

দখল সিন্ডিকেটে আরও আছেন বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান এবং ক্যাশিয়ারের দায়িত্বে থাকা স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল আলম ও সালাউদ্দিন।

Market

কোটি টাকার সালামি ও ভাড়া বাণিজ্য

স্থানীয় সূত্র জানায়, রেলওয়ের জায়গায় মার্কেট ও দোকানপাট করে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অগ্রিম সালামি আদায় করেছেন বিএনপি নেতা সাইফুল আলম। ইতোমধ্যে শুধু সালামি বাবদ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে এই চক্র।

এ ছাড়া প্রতিটি দোকান থেকে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বও তৈরি হয়েছে। সূত্রের দাবি, শীর্ষ নেতা এম এ আজিজ ও আব্বাস উদ্দিনের মধ্যে ৫৫% এবং বাকি ৪৫% অন্য নেতাদের মধ্যে ভাগ-বাটোয়ারার গোপন চুক্তি ছিল।

SMall

রেলওয়ের উচ্ছেদে বাধা-হামলা

সূত্র জানায়, গত ২৮ অক্টোবর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় অফিস থেকে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে তাদের ওপর চড়াও হন মোহাম্মদ সেলিম, হাজী হোসেন, বাচ্চু ও সাইফুলরা। এ সময় রেল কর্মকর্তাদের জিম্মি করে উচ্ছেদ কাজ বন্ধ রাখতে বাধ্য করে এই প্রভাবশালী চক্র।

রেলওয়ে থেকে কাজ বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হলেও তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি নির্মাণকাজ শেষ করে দোকানগুলো চালু করা হয়। উচ্ছেদের এ ঘটনার একদিন পর মোহাম্মদ সেলিম, হাজী হোসেন, বাচ্চু ও সাইফুলসহ দলবল নিয়ে সরাসরি রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে সহকারী জিএম মো. শেখ ফরিদকে অফিসে এসে ধমক ও হুমকি দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী জিএম মো. শেখ ফরিদ বলেন, রেললাইনের দুই পাশের রেলের জমি দখল নিয়ে বিএনপির দু‘গ্রুপের মধ্যে রেষারেষি চলছে। বন্দরের ইজারার মাধ্যমে ওই জমি দখল করার কথা বললেও রেলওয়ে থেকে ইজারা দেওয়ার জন্য দুই পক্ষই চাপ দিচ্ছে। এ নিয়ে খারাপ আচরণও করছেন তারা। দখল উচ্ছেদ করতে গিয়ে আমরা বাঁধা ও হামলার সম্মুখীনও হয়েছি।

রেলওয়ের ভূমি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেললাইনের পাশের রেলের জমি বন্দর কর্তৃপক্ষ কীভাবে ইজারা দেয়? আমরা কাউকে এই জায়গা ইজারা দিইনি। ইজারা দিলে তো বারবার উচ্ছেদ চালাতে যেতাম? জমি দখলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে রেল চলাচল।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও বন্দরের ঠিকাদার মো. আব্বাস উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

বন্দরের পণ্য পরিবহন ও রেল চলাচলে চরম ঝুঁকি উপেক্ষা করে রেললাইনের সংলগ্ন স্থানে বিদ্যুৎ সংযোগসহ কীভাবে বাজারটি চালু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। অবিলম্বে এই অবৈধ বাণিজ্য ও দখলদারিত্ব উচ্ছেদে রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর