- কোথাও ৫০ কোটি, কোথাও ১১ কোটি টাকা বরাদ্দ
- সর্বোচ্চ ব্যয়ের পরিকল্পনা রাজশাহীর বাগমারায়
- সর্বনিম্ন বরাদ্দের প্রস্তাব জয়পুরহাটের কালাইয়ে
- ৪০৮ কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা
- ইউ-ড্রেন নির্মাণের প্রাক্কলিত ব্যয় যাচাইয়ের সুপারিশ
- স্থানীয় চাহিদা বিবেচনায় বরাদ্দ নির্ধারণের পরামর্শ
রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলাতেই গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রয়োজন রয়েছে। কোথাও জরাজীর্ণ সড়ক সংস্কার জরুরি, কোথাও প্রয়োজন নতুন সড়ক নির্মাণ। আবার কোথাও সেতু ও কালভার্টের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে গ্রামগুলোর যোগাযোগ। এসব চাহিদা সামনে রেখে বিভাগের আট জেলার জন্য ২ হাজার ৩৪৮ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
তবে প্রকল্পের উপজেলাভিত্তিক বরাদ্দের হিসাব সামনে আসতেই দেখা দিয়েছে বড় ধরনের অসংগতি। কোথাও সড়ক উন্নয়নে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, বিপরীতে কোনো উপজেলায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১১ কোটি টাকা। একই বিভাগের দুই উপজেলার বরাদ্দে ৩৯ কোটি টাকার এমন ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প—রাজশাহী বিভাগ’ শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব তথ্য উঠে এসেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে এলজিইডি। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত সাড়ে চার বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে পুরো অর্থায়ন আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
প্রকল্পটির লক্ষ্য রাজশাহী বিভাগের প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগব্যবস্থা উন্নত করা। কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানুষের যাতায়াত সহজ করাও এর উদ্দেশ্য। তবে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবেই উপজেলাভিত্তিক বরাদ্দের বড় ব্যবধান দেখা দেওয়ায় ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলাভেদে বরাদ্দে ব্যবধান
প্রকল্পের নথি বিশ্লেষণে দেখা যায়, রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক উন্নয়ন ও পুনর্বাসনসহ বিভিন্ন কাজে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। একই পরিমাণ অর্থের কাজ প্রস্তাব করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। অথচ জয়পুরহাটের কালাই উপজেলায় একই ধরনের গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১১ কোটি ৬৮ লাখ টাকা।
দুই উপজেলার প্রস্তাবিত ব্যয়ের ব্যবধান ৩৮ কোটি ৩২ লাখ টাকা। বাগমারায় যে পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, কালাইয়ে তার তুলনায় ব্যয় হবে চার ভাগের এক ভাগেরও কম। জয়পুরহাটের অন্য উপজেলাগুলোর মধ্যেও বরাদ্দের পার্থক্য রয়েছে। ক্ষেতলালে ২৫ কোটি ৬১ লাখ ৫০ হাজার এবং আক্কেলপুরে ১৬ কোটি ৫০ লাখ টাকার কাজ প্রস্তাব করা হয়েছে।
রাজশাহীর তানোরে ২৫ কোটি ১ লাখ ২০ হাজার, মোহনপুরে ২৫ কোটি ৩ লাখ ২০ হাজার এবং গোদাগাড়ীতে ২২ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার কাজ রাখা হয়েছে। অর্থাৎ একই জেলার উপজেলাগুলোর মধ্যেও কয়েক কোটি টাকার ব্যবধান রয়েছে।
বগুড়া জেলার উপজেলাগুলোর ক্ষেত্রেও বরাদ্দের এমন পার্থক্য দেখা গেছে। প্রকল্পের নথি অনুযায়ী, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়নে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। সোনাতলায় প্রস্তাবিত ব্যয় ২৮ কোটি ৮০ লাখ টাকা। আদমদীঘি, দুপচাঁচিয়া ও কাহালুতে প্রায় ২৫ কোটি টাকা করে এবং সারিয়াকান্দিতে প্রায় ২১ কোটি ২০ লাখ টাকার কাজ রাখা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা করে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চৌহালিতে প্রায় ২৪ কোটি এবং বেলকুচিতে ২৫ কোটি ৯৭ লাখ টাকার কাজ রাখা হয়েছে। কামারখন্দ ও রায়গঞ্জেও ইউনিয়ন ও গ্রামীণ সড়ক উন্নয়নের প্রস্তাব রয়েছে।
নাটোর জেলার লালপুর, বাগাতিপাড়া, সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব উপজেলার কয়েকটিতে প্রায় ২৫ কোটি টাকা করে ব্যয় প্রস্তাব করা হয়েছে।
দেড় হাজার কিলোমিটার সড়ক উন্নয়ন
প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের আট জেলার ৬৮টি উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। এর মধ্যে ৩৬ দশমিক ৭৫ কিলোমিটার উপজেলা সড়ক, ১৩০ দশমিক ৬০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৯৫২ দশমিক ৬২ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া ৩২৫ দশমিক ৭১ কিলোমিটার সড়ক পুনর্বাসন, ১২৪ মিটার সেতু, ৫৪৪ মিটার বক্স কালভার্ট এবং ১৮ হাজার মিটার ইউ-ড্রেন নির্মাণ করা হবে। সড়কের পাশে ৪০৮ কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে নতুন সড়ক উন্নয়ন ও পুনর্বাসনের আওতায় আসবে প্রায় ১ হাজার ৪৪৬ কিলোমিটার সড়ক।
প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগে মোট সড়কের দৈর্ঘ্য ৩৯ হাজার ৮৮৬ কিলোমিটার। এর মধ্যে উপজেলা সড়ক ৫ হাজার ৬৬৪ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৫ হাজার ৬৩৮ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক ২৮ হাজার ৬০২ কিলোমিটার।
এসব সড়কের বড় একটি অংশ এখনো পাকা হয়নি। প্রকল্পের নথি অনুযায়ী, বিভাগের উপজেলা সড়কের ৩৭৮ কিলোমিটার, ইউনিয়ন সড়কের ১ হাজার ২৭৭ কিলোমিটার এবং গ্রামীণ সড়কের ২০ হাজার ৫০৫ কিলোমিটার এখনো কাঁচা। ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন রয়েছে।
বিশেষ করে প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ বাড়ানো, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন এবং বাজারজাতকরণ সহজ করা প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের সুযোগ বাড়ানো এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টির কথাও উল্লেখ করা হয়েছে প্রকল্প প্রস্তাবে।
বরাদ্দের পার্থক্যের ব্যাখ্যা চায় কমিশন
উন্নয়ন প্রকল্পে সব উপজেলায় সমান অর্থ বরাদ্দ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ, একটি উপজেলার সড়কের দৈর্ঘ্য, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার বর্তমান অবস্থা এবং অবকাঠামোগত চাহিদার সঙ্গে অন্য উপজেলার পার্থক্য থাকতে পারে। তবে এসব বিষয় বিবেচনায় নিয়েই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
পরিকল্পনা কমিশনের পিইসি সভার কার্যপত্রে বলা হয়েছে, কোনো উপজেলায় সর্বোচ্চ ৫০ কোটি টাকা এবং কোনো উপজেলায় সর্বনিম্ন ১১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এই ব্যবধানের পেছনে কী ধরনের বিবেচনা কাজ করেছে, তা সভায় ব্যাখ্যা করতে হবে।
বিশেষ করে উপজেলাভিত্তিক সড়কের দৈর্ঘ্য, নির্মাণ ও পুনর্বাসনের পরিমাণ এবং অন্যান্য অবকাঠামোগত চাহিদা কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে কমিশন। প্রস্তাবিত বরাদ্দের পেছনে যথাযথ তথ্য ও যৌক্তিক ভিত্তি রয়েছে কি না, তা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় নির্ধারণের ক্ষেত্রে এলাকার প্রকৃত চাহিদা, সড়কের পরিমাণ, যোগাযোগব্যবস্থার অবস্থা এবং জনগণের প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি। একটি উপজেলায় ৫০ কোটি টাকার কাজের বিপরীতে অন্য উপজেলায় ১১ কোটি ৬৮ লাখ টাকার কাজ রাখা হয়েছে। এই বড় ব্যবধানের যৌক্তিক ভিত্তি জানতে চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু সমান ব্যয় নির্ধারণ করলেই বৈষম্য দূর হবে, বিষয়টি এমন নয়। যে এলাকায় অবকাঠামোগত চাহিদা বেশি, সেখানে ব্যয়ও বেশি হতে পারে। তবে সেই ব্যয়ের পেছনে সুনির্দিষ্ট তথ্য ও যৌক্তিকতা থাকতে হবে। প্রকল্পের ব্যয় প্রাক্কলন ও এলাকাভিত্তিক প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করে ডিপিপি সংশোধনের বিষয়ে সুপারিশ করা হবে।
প্রশাসনিক ব্যয় কমানোর সুপারিশ
শুধু উপজেলাভিত্তিক বরাদ্দ নয়, প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিশেষ করে ইউ-ড্রেন নির্মাণের প্রাক্কলিত দর সমজাতীয় চলমান প্রকল্পের সঙ্গে তুলনা করে যাচাই করার সুপারিশ করা হয়েছে।
প্রকল্পের পরিচালন ও প্রশাসনিক ব্যয়ের কয়েকটি খাত বাদ দেওয়ার বিষয়েও আলোচনা করতে বলেছে কমিশন। এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ১০ লাখ টাকা, অনিয়মিত শ্রমিকের মজুরি ২০ লাখ টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ ১০ লাখ টাকা, বইপত্র ও সাময়িকী খাতে ১০ লাখ টাকা এবং নিরাপত্তাসেবা সংগ্রহে ২ কোটি ৬০ লাখ টাকা বাদ দিয়ে প্রকল্প প্রস্তাব পুনর্গঠনের সুপারিশ রয়েছে।
এ ছাড়া আবাসিক টেলিফোন নগদায়ন, বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও অন্যান্য ভাতা, পরিবহনসেবা, প্রচার ও বিজ্ঞাপন এবং আউটসোর্সিং খাতের ব্যয় পর্যালোচনা করতে বলা হয়েছে।
কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব খাতের ব্যয় নির্ধারণে প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করা দরকার। চলমান সমজাতীয় প্রকল্পের ব্যয়ের সঙ্গে তুলনা করে প্রস্তাবিত ব্যয় পুনর্বিবেচনা করা হলে প্রকল্পের মোট ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে।
অনুমোদনের আগেই উঠেছে প্রশ্ন
প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে। ফলে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি এটি। পিইসি সভার সুপারিশের ভিত্তিতে ব্যয় ও অন্যান্য বিষয় সংশোধনের পর অনুমোদনের জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী বিভাগের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানুষের যাতায়াত সহজ হওয়ার সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের সুফল কতটা সমানভাবে মানুষের কাছে পৌঁছাবে, তা অনেকাংশে নির্ভর করবে এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী কাজ নির্বাচন ও বরাদ্দ নির্ধারণের ওপর।
একই বিভাগের ৬৮টি উপজেলায় সড়ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হলেও বরাদ্দের হিসাবে এত বড় ব্যবধান কেন, তার ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়। পরিকল্পনা কমিশনও সেই ব্যাখ্যা চেয়েছে। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের আগে বরাদ্দের এই হিসাব এবং বিভিন্ন খাতের ব্যয় কতটা যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হয়, সেটিই এখন দেখার বিষয়।
এএইচ/জেবি




