খুলনার পাইকগাছায় কৃষি কলেজ প্রতিষ্ঠার প্রকল্প শুরু হয়েছিল ২০১৪ সালে। প্রাথমিকভাবে ৪৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে দুই বছর ছয় মাসের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা ছিল। কিন্তু একের পর এক সংশোধন ও মেয়াদ বাড়ানোর পর প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১১২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ প্রাথমিক ব্যয়ের তুলনায় বেড়েছে ৬৭ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। শতকরা হিসাবে ব্যয় বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ। অথচ ১২ বছর পেরিয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি। এবার আরও এক বছর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের অগ্রগতির তথ্যে দেখা যাচ্ছে, দীর্ঘ সময় ও বাড়তি অর্থ ব্যয়ের পরও কাজের উল্লেখযোগ্য অংশ অসমাপ্ত। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৪ শতাংশ। বিপরীতে আর্থিক অগ্রগতি ৬২ শতাংশ। অর্থাৎ আর্থিক অগ্রগতির তুলনায় ভৌত অগ্রগতি ২২ শতাংশ পয়েন্ট বেশি। তবে নির্মিত ভবনগুলোতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের প্রায় অর্ধেক কাজ বাকি। বই ও জার্নাল এবং স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কেনার দরপত্রও আহ্বান করা হয়নি।
প্রকল্প ব্যবস্থাপনা ও তদারকির ঘাটতিও উঠে এসেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি ও প্রকল্প পরিচালনা কমিটির মোট ৬৪টি সভা আয়োজনের লক্ষ্যমাত্রা থাকলেও অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়টি। অন্যদিকে প্রকল্পের পাঁচটি অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিবেচনার জন্য পাঠানো প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত সারসংক্ষেপ এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।
প্রকল্পটির নাম ‘পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা’। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা। এবার ব্যয় না বাড়িয়ে আরও এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন পেলে জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত প্রকল্পের মোট বাস্তবায়নকাল দাঁড়াবে ১৩ বছর ছয় মাস।
ব্যয় বেড়েছে প্রায় দেড়'শ শতাংশ
প্রকল্পের ব্যয়ের হিসাব বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর একনেকের অনুমোদনের সময় প্রকল্পের ব্যয় ছিল ৪৫ কোটি ৩৬ লাখ ১৪ হাজার টাকা। ২০১৭ সালের ১১ জুলাই প্রথম সংশোধনীতে ব্যয় বাড়িয়ে করা হয় ১০১ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ প্রথম সংশোধনেই ব্যয় বেড়েছিল ৫৬ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় এই বৃদ্ধি ছিল প্রায় ১২৪ শতাংশ।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় সংশোধনী অনুমোদনের মাধ্যমে ব্যয় আরও বাড়িয়ে ১১২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা করা হয়। প্রথম সংশোধনীর তুলনায় এতে ব্যয় বেড়েছে ১১ কোটি ২৮ লাখ ১ হাজার টাকা। সব মিলিয়ে মূল অনুমোদনের তুলনায় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ।
প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ইতিহাসও দীর্ঘসূত্রতার চিত্র তুলে ধরে। মূল অনুমোদনে ২০১৬ সালের জুনে কাজ শেষ করার কথা ছিল। প্রথম সংশোধনীতে সময় বাড়িয়ে ২০১৯ সালের জুন করা হয়। এরপর কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের জুন পর্যন্ত প্রথমবার, ২০২৩ সালের জুন পর্যন্ত দ্বিতীয়বার এবং ২০২৫ সালের জুন পর্যন্ত তৃতীয়বার ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়ানো হয়। দ্বিতীয় সংশোধনীতে আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এখন চতুর্থবারের মতো আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ মূল পরিকল্পনার তুলনায় প্রকল্পের বাস্তবায়নকাল ১০ বছর ছয় মাস বাড়ানোর প্রস্তাব এসেছে। দুই বছর ছয় মাসের প্রকল্প শেষ করতে সময় লাগছে ১৩ বছর ছয় মাস। এ সময়ে ব্যয়ও বেড়েছে প্রায় আড়াই গুণ।
জমি অধিগ্রহণেই দুই বছর
প্রকল্পের নথিতে বিলম্বের অন্যতম কারণ হিসেবে জমি অধিগ্রহণ ও প্রকল্প এলাকার ভৌগোলিক অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় এক বছর নয় মাস সময় লাগে। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রকল্পের জমি হস্তান্তর করা হয়। অথচ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে।
এ ছাড়া প্রকল্প এলাকাটি সংলগ্ন সড়কের তুলনায় প্রায় ১২ ফুট নিচু। বছরের সাত থেকে আট মাস এলাকাটি চার থেকে পাঁচ ফুট পানিতে নিমজ্জিত থাকে। নিচু জলাভূমি, তীব্র লবণাক্ততা, উপকূলীয় অবস্থান এবং ভবন নির্মাণের জন্য মাটির নিচের অবস্থার কারণে নির্মাণকাজে জটিলতা তৈরি হয়। প্রকল্প এলাকায় কাছাকাছি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও ছিল না।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের ইজারায় রেলওয়ের জমি দখল
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ভূমি উন্নয়ন ছাড়া মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব ছিল না। আবার জলাবদ্ধতার কারণে রিটেইনিং ওয়াল ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ নিরবচ্ছিন্নভাবে করা যায়নি। এতে ভূমি উন্নয়নের কাজও পিছিয়ে পড়ে। প্রশাসনিক জটিলতাও প্রকল্পের বিলম্বের একটি কারণ হিসেবে জানানো হয়েছে। ২০১৬ সালের এপ্রিলে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কিন্তু একই বছরের ৪ অক্টোবর একনেক সভায় প্রস্তাবটি বাতিল করা হয়। প্রায় ১০ মাস পর ২০১৭ সালের ১১ জুলাই সংশোধিত প্রকল্পটি অনুমোদন পায়। এরপর ২ আগস্ট প্রশাসনিক আদেশ জারি হয়। সংশোধিত প্রকল্পটি প্রায় এক বছর অনুমোদনহীন থাকলেও ওই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মেয়াদ বাড়ানো হয়নি। প্রকৃতপক্ষে প্রশাসনিক আদেশ জারির পরই প্রকল্পের মূল কার্যক্রম শুরু হয়।
ভবন তৈরি, বিদ্যুৎ নেই
প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৪ শতাংশ হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ এখনো অসমাপ্ত। আইএমইডির পর্যবেক্ষণ অনুযায়ী, প্রকল্পের আওতায় বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ফলে ক্যাম্পাসের ভবনগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এতে অবকাঠামো ব্যবহার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা ভাস্কর্য নির্মাণের প্রায় ৫০ শতাংশ কাজ বাকি রয়েছে। মূল সীমানাপ্রাচীরের কিছু অংশের নির্মাণকাজও অসমাপ্ত। এ ছাড়া নির্মিত স্থাপনাগুলোর কিছু অংশে প্লাস্টার ও রং উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হস্তান্তরের আগে ঠিকাদারের মাধ্যমে এসব স্থাপনা মেরামতের সুপারিশ করেছে আইএমইডি।
ক্রয় কার্যক্রমের অগ্রগতিও সন্তোষজনক নয়। বই ও জার্নাল এবং স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দরপত্র এখনো আহ্বান করা হয়নি। অথচ দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বই ও জার্নাল কেনার জন্য ৫৬ লাখ টাকা এবং দুটি স্যালাইন ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন: কাজ না করেই প্রকল্প সমাপ্তির তোড়জোড়!
এ ছাড়া ১৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে যন্ত্রপাতি, ৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে আসবাবপত্র এবং ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ক্যাম্পাস ডিজিটালাইজেশনের পরিকল্পনা রয়েছে। একাডেমিক ভবন নির্মাণে ৭ কোটি ৬৪ লাখ টাকা, ২০০ আসনের ছাত্র হোস্টেল নির্মাণে ১১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা এবং সমান আসনের ছাত্রী হোস্টেল নির্মাণে ১২ কোটি ৪৫ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্পের অবকাঠামো খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় নবনির্মিত ভবনগুলো খুলনা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী মহিলা হোস্টেলের সীমানাপ্রাচীর ও গেট এবং বৃক্ষরোপণের কাজ দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে যুক্ত করা হয়েছে। তবে হস্তান্তরের আগে শিক্ষা প্রকৌশল অধিদফতর ও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক সভা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে আইএমইডি।
প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক ব্যবস্থাপনায়ও বড় ধরনের ঘাটতি দেখা গেছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির ৩২টি এবং প্রকল্প পরিচালনা কমিটির ৩২টি সভা আয়োজনের কথা ছিল। কিন্তু বাস্তবে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা হয়েছে মাত্র দুটি এবং প্রকল্প পরিচালনা কমিটির সভা হয়েছে চারটি।
অর্থাৎ ৬৪টি সভার বিপরীতে অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়টি। লক্ষ্যমাত্রার তুলনায় সভা আয়োজনের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। বাকি ৫৮টি সভা হয়নি। প্রকল্পের মাঠপর্যায়ের কাজ তদারকি, ক্রয় কার্যক্রমের অগ্রগতি যাচাই এবং নির্মাণকাজের মান পর্যালোচনার জন্য এসব সভা গুরুত্বপূর্ণ হলেও তা নিয়মিত আয়োজন করা হয়নি।
অন্যদিকে প্রকল্পের পাঁচটি অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে ব্রডশিট জবাবসহ প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করেছে আইএমইডি। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও সংস্থাটিতে পাঠাতে বলা হয়েছে।
প্রকল্পের আর্থিক অগ্রগতি ৬২ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৪ শতাংশ হওয়ার তথ্যের মধ্যেও গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আর্থিক অগ্রগতির তুলনায় ভৌত অগ্রগতি বেশি হলেও অসমাপ্ত নির্মাণকাজ, বিদ্যুৎ সংযোগ এবং পণ্য কেনার কার্যক্রম শেষ না হওয়ায় প্রকল্পের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হয়নি।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির জন্য ২৮ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দিয়ে অবশিষ্ট নির্মাণকাজ, পণ্য ও যন্ত্রপাতি কেনা এবং অন্যান্য কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুপারিশ করেছে। তবে শর্ত দেওয়া হয়েছে, ২০২৭ সালের জুনের পর আর মেয়াদ বাড়ানো যাবে না। অবশিষ্ট নির্মাণকাজ, বিদ্যুৎ সংযোগ, অবকাঠামো মেরামত ও হস্তান্তরসহ সব কাজ এ সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রকল্পের সংশোধিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করে তদারকি জোরদার করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের সব ক্রয় কার্যক্রম সরকারি ক্রয় আইন ২০০৬, সরকারি ক্রয় বিধিমালা ২০২৫ এবং আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ ২০২৬ অনুসরণ করে সম্পন্ন করতে হবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে সমাপ্তি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ব্যয় বৃদ্ধি ছাড়াই প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হবে। ২০২৬ সালের ২৫ আগস্ট পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী প্রকল্পটি একনেকের বিবেচনার জন্য উপস্থাপনে সম্মতি দিয়েছেন। এখন চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি একনেকের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এএইচ/এমআর




