বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

এমপিদের চাপে সেতুর সংখ্যা বাড়ল চার গুণ, ৯৮টির সমীক্ষাই হয়নি

আব্দুল হাকিম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম

শেয়ার করুন:

এমপিদের চাপে সেতুর সংখ্যা বাড়ল চার গুণ, ৯৮টির সমীক্ষাই হয়নি
নির্মিত হচ্ছে ২৫৬টি সেতু। ছবি: এআই

সংসদ সদস্যদের (এমপি) চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের ১২৫টি উপজেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অথচ এসব সেতুর মধ্যে ৯৮টিরই সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়নি। সেতুর অবস্থান, নির্মাণের প্রয়োজনীয়তা, কারিগরি উপযোগিতা ও সম্ভাব্য ব্যয় যথাযথভাবে যাচাইয়ের আগেই প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। শুরুতে ৬৩টি সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে জনপ্রতিনিধিদের চাহিদায় তা বাড়িয়ে ২৫৬টিতে উন্নীত করা হয়েছে। এতে প্রকল্পটির পরিকল্পনা, সেতু নির্বাচনের প্রক্রিয়া এবং ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৬ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপনের কথা রয়েছে। একনেকের আলোচ্যসূচিতে থাকা ২১টি প্রকল্পের মধ্যে এটিকে প্রথমে রাখা হয়েছে। অনুমোদন পেলে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প প্রস্তাবনা বিশ্লেষণে দেখা যায়, দেশের আট বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ৯৮টি সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। অর্থাৎ সেতুগুলো কোথায় নির্মাণ করা প্রয়োজন, সেখানে সেতু নির্মাণের বাস্তব প্রয়োজনীয়তা কতটা, নদী বা খালের ওপর সেতু নির্মাণের কারিগরি উপযোগিতা রয়েছে কি না এবং নির্মাণে কত টাকা ব্যয় হতে পারে—এসব বিষয়ে প্রয়োজনীয় সমীক্ষা ছাড়াই সেতুগুলো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পের শুরুর পরিকল্পনা ছিল অনেক ছোট। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের আওতায় আট বিভাগের ৩০টি জেলার ৪৮টি উপজেলায় ৭৪টি দীর্ঘ সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। ওই সমীক্ষার ভিত্তিতে ২০২৩ সালে ৩৮টি সেতু নির্মাণের জন্য প্রায় ৩ হাজার ৯৫২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী সময়ে কয়েক দফায় প্রকল্পের পরিধি বাড়ানো হয়।

২০২৫ সালে ৬৩টি সেতু নিয়ে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়। এরপর ২০২৬ সালে নির্বাচনের পর নতুন করে আরও ২০০টির বেশি সেতু অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত সেতুর সংখ্যা দাঁড়ায় ২৫৬টিতে। গত ২ আগস্ট অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের দাবি এবং জনগুরুত্ব বিবেচনায় সেতুর সংখ্যা চূড়ান্ত করা হয়। অর্থাৎ আগের ৬৩টি সেতুর পরিকল্পনার তুলনায় নতুন প্রস্তাবে সেতুর সংখ্যা বেড়েছে চার গুণের বেশি।

প্রকল্পের পটভূমি ও যৌক্তিকতায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও অকৃষি পণ্যের বাজারজাতকরণ সহজ করার কথা বলা হয়েছে। তবে জনপ্রতিনিধিদের চাহিদায় এত বিপুলসংখ্যক সেতু যুক্ত করার ক্ষেত্রে প্রতিটি স্থানের বাস্তব প্রয়োজনীয়তা ও কারিগরি দিক কতটা যাচাই করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ৯৮টি সেতুর সম্ভাব্যতা সমীক্ষা না হওয়ার বিষয়টি প্রকল্পটির পরিকল্পনা প্রক্রিয়াকে নতুন করে আলোচনায় এনেছে।

আট বিভাগে ২৫৬ সেতু

প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগের ১০ জেলার ৩১টি উপজেলায় সেতু নির্মাণ করা হবে। ঢাকা বিভাগের ১১ জেলার ২৯টি উপজেলা রয়েছে তালিকায়। রাজশাহী বিভাগের ছয় জেলার ১৭টি, বরিশাল বিভাগের পাঁচ জেলার ১৫টি, রংপুর বিভাগের পাঁচ জেলার ১০টি, সিলেট বিভাগের চার জেলার ১০টি এবং ময়মনসিংহ বিভাগের তিন জেলার আটটি উপজেলা প্রকল্পের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন

গুলশান-বনানীর পয়ঃবর্জ্য যাবে দাশেরকান্দি শোধনাগারে

জনবল সংকটে ধুঁকছে স্বাস্থ্য খাত, তবু অবকাঠামো নির্মাণের মহাযজ্ঞ!

ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের চারটি, নরসিংদীর পাঁচটি, কিশোরগঞ্জের তিনটি, ঢাকার তিনটি, ফরিদপুরের দুটি এবং মানিকগঞ্জের দুটি উপজেলায় সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

রাজশাহী বিভাগের বগুড়া জেলার সর্বাধিক ১০টি উপজেলা প্রকল্পের আওতায় রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতটি উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার সাতটি উপজেলাও রয়েছে প্রকল্পের তালিকায়।

সেতু নির্মাণেই ব্যয়ের ৮৮ শতাংশ

প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশই রাখা হয়েছে মূল সেতু নির্মাণে। ২৫৬টি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা। প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ এ খাতে ব্যয় হবে। সেতুগুলোর সঙ্গে গ্রামীণ সড়কের যোগাযোগ স্থাপনে ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা।

এ ছাড়া বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি টাকা। জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪০০ কোটি টাকা। এ জন্য সারাদেশে প্রায় ৩০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে। পরামর্শক খাতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৪ লাখ টাকা।

এমপিদের চাহিদায় বেড়েছে সেতুর সংখ্যা। ছবি: সংগৃহীত
এমপিদের চাহিদায় বেড়েছে সেতুর সংখ্যা। ছবি: সংগৃহীত

প্রকল্পের সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৩৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। এর আওতায় ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, দুটি ফটোকপিয়ার এবং ২০টি তিন চাকার স্থির সড়ক রোলার কেনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সংযোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিচর্যায় ২ কোটি ৬০ লাখ টাকা এবং মূল্য ও ভৌত আপৎকালীন ব্যয় হিসেবে ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বেড়েছে প্রকল্পের ব্যয়

প্রকল্পের প্রাথমিক প্রস্তাবে ৩৮টি সেতু নির্মাণে প্রায় ৩ হাজার ৯৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। পরে সেতুর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়েছে। বর্তমানে ২৫৬টি সেতু নির্মাণে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ সেতুর সংখ্যা চার গুণের বেশি বাড়ার পাশাপাশি প্রকল্পের ব্যয়ও দ্বিগুণের বেশি হয়েছে।

আরও পড়ুন

মেয়াদ শেষ, তবুও খনন শুরু হয়নি দুই গ্যাস কূপ

৩০০ কোটি টাকার প্রকল্পে কর্মসংস্থানের স্বপ্ন কতটা বাস্তব?

প্রকল্পের অর্থনৈতিক বিশ্লেষণে নিট বর্তমান মূল্য (এনপিভি) ১ হাজার ৯০৩ কোটি ৯৬ লাখ টাকা, সুবিধা-ব্যয় অনুপাত (বিসিআর) ১ দশমিক ৭৩ এবং অভ্যন্তরীণ মুনাফার হার (আইআরআর) ১৫ দশমিক ৩২ শতাংশ দেখানো হয়েছে। তবে কারিগরি কারণে প্রকল্প থেকে সরাসরি কোনো আয় অর্জিত হবে না বলে আর্থিক বিশ্লেষণ করা হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। তবে বছরভিত্তিক ব্যয় বিভাজনে ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। প্রকল্পের ব্যয়ের বড় অংশ প্রথম চার অর্থবছরেই বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।

এলজিইডির প্রত্যাশা

এলজিইডির মতে, এসব সেতু নির্মিত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্য দ্রুত এবং কম খরচে হাটবাজার ও শহরে পরিবহন করা সম্ভব হবে। গ্রোথ সেন্টার, শিল্পকারখানা, কৃষিপণ্য উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।

এ ছাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানো, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং পর্যটন খাতের বিকাশেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনকেও প্রকল্পের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পটির ওপর গত ৯ আগস্ট ২০২৩ তারিখে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল বলে প্রাথমিক সার-সংক্ষেপে উল্লেখ রয়েছে। তবে পরবর্তী সময়ে প্রকল্পের পরিধি ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ায় নতুন প্রস্তাবের ক্ষেত্রে ২ আগস্ট অনুষ্ঠিত পিইসি সভার সুপারিশের ভিত্তিতে প্রকল্পটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ ও টেকসই হবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। এ বিবেচনায় প্রকল্পটি অনুমোদনযোগ্য বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন।

তবে ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির সম্ভাব্যতা সমীক্ষা না হওয়া এবং জনপ্রতিনিধিদের চাহিদায় প্রকল্পের পরিধি কয়েক গুণ বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। প্রায় ৯ হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগের আগে প্রতিটি সেতুর প্রয়োজনীয়তা, অবস্থান, কারিগরি উপযোগিতা এবং অর্থনৈতিক যৌক্তিকতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় প্রয়োজনের তুলনায় কম গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ, ব্যয় বৃদ্ধি কিংবা প্রকল্প বাস্তবায়নে জটিলতার আশঙ্কা থেকে যায়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মাঠপর্যায়ের গবেষণায় দেখা গেছে, সরকারি উন্নয়ন তহবিল সংসদ সদস্যদের হাতে দিলে উন্নয়ন কার্যক্রম দলীয় রাজনীতির প্রভাবাধীন হয়ে পড়ে। অতীতে এসব প্রকল্প স্থানীয় রাজনৈতিক নেতা, তাদের সহযোগী ও কর্মীদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি করেছে। এতে ক্ষমতার অপব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে জনস্বার্থ উপেক্ষিত হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংসদীয় গণতন্ত্রের মূলনীতির সঙ্গেও এ ধরনের চর্চা সাংঘর্ষিক। সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হলো সংসদে জনগণের স্বার্থ তুলে ধরা, আইন প্রণয়নে ভূমিকা রাখা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত হলে সরকারের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হয়। এ ধরনের ব্যবস্থা সংবিধানের ৫৬(১), ৬৫, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ২০০৮ সালে হাইকোর্টের একটি রায়ে এ ধরনের চর্চাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল।

এএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর