মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গুলশান-বনানীর পয়ঃবর্জ্য যাবে দাশেরকান্দি শোধনাগারে

আব্দুল হাকিম
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

গুলশান-বনানীর পয়ঃবর্জ্য যাবে দাশেরকান্দি শোধনাগারে
ছবি: এআই সম্পাদনা
  • ৯৯৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন
  • নির্মাণ হবে ১৪০ কিলোমিটার পয়ঃলাইন
  • উপকৃত হবে প্রায় ৯ লাখ মানুষ
  • পুনর্বাসন করা হবে পুরোনো পয়ঃলাইন
  • পরামর্শক সেবায় ব্যয় ২৯ কোটি ৬৮ লাখ টাকা
  • অবশিষ্ট বর্জ্যের ব্যবহার নিয়ে চলছে গবেষণা

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও বাড্ডার একাংশের পয়ঃবর্জ্য সরাসরি দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে প্রায় ১৪০ কিলোমিটার পয়ঃনিষ্কাশন লাইন নির্মাণ ও পুরোনো লাইন পুনর্বাসন করা হবে। পাশাপাশি ছয়টি পয়ঃলিফটিং স্টেশন নির্মাণ বা সংস্কার করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৯ লাখ মানুষ আধুনিক পয়ঃসেবার আওতায় আসবে।

২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকা ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)’ আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় কয়েকটি শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। এর আগে প্রকল্পটির প্রাথমিক খসড়া প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ হাজার ৪৫ কোটি ৯২ লাখ টাকা। পরে পিইসি সভায় আলোচনা এবং সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী প্রকল্পের বিভিন্ন অঙ্গ ও ব্যয় সংশোধন করে পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়। এতে প্রকল্পের ব্যয় কমিয়ে ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা। ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন থাকবে ১০ কোটি টাকা।

ছয় সাব-ক্যাচমেন্টে পয়ঃবর্জ্য সংগ্রহ

প্রকল্পের আওতায় দাশেরকান্দি পয়ঃশোধনাগারের ক্যাচমেন্ট এলাকাকে ছয়টি সাব-ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। এগুলো হলো তেজগাঁও-ফার্মগেট, গুলশান-বনানী, বারিধারা, বাড্ডা-বসুন্ধরা, বনশ্রী-রামপুরা ও ইস্টার্ন জোন। এসব এলাকার পয়ঃবর্জ্য সংগ্রহ করে শোধনাগারে নেওয়ার জন্য নতুন নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

প্রকল্পের নথি অনুযায়ী, তেজগাঁও-ফার্মগেট সাব-ক্যাচমেন্টের আয়তন ৯ দশমিক ৪৫ বর্গকিলোমিটার। এর মধ্যে তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, সুক্রাবাদ, নাখালপাড়া, গ্রিন রোডের অংশবিশেষ, জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর রয়েছে।

গুলশান-বনানী সাব-ক্যাচমেন্টের আয়তন ১০ দশমিক ২৭ বর্গকিলোমিটার। এ এলাকার মধ্যে গুলশান, বনানী, মহাখালী, নিকেতন, মহাখালী ডিওএইচএস, বনানী ডিওএইচএস ও সেনানিবাসের কিছু অংশ রয়েছে।

বারিধারা সাব-ক্যাচমেন্টের আয়তন ৩ দশমিক ৪২ বর্গকিলোমিটার। এর আওতায় বারিধারা, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা ও কাল্লাচাঁদপুরের অংশ রয়েছে। বাড্ডা-বসুন্ধরা সাব-ক্যাচমেন্টের আয়তন ১১ দশমিক ৬৮ বর্গকিলোমিটার। এর মধ্যে কুড়িল, কুড়াটলী, নতুন বাজার, নয়ানগর, সাঁতারকুল, উত্তর, মধ্য ও মেরুল বাড্ডা, আনন্দনগর, বসুন্ধরা এবং আফতাবনগরের উন্নত আবাসিক এলাকার অংশ রয়েছে।

বনশ্রী-রামপুরা সাব-ক্যাচমেন্টের আয়তন ২ দশমিক ০৮ বর্গকিলোমিটার। বনশ্রী, মহানগর হাউজিং ও উলান এ এলাকার অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় ইস্টার্ন জোনের আয়তন ৩৪ দশমিক ৮৯ বর্গকিলোমিটার। এতে বাড্ডার তুলনামূলক অনুন্নত এলাকা এবং বসুন্ধরা ও আফতাবনগরের কম উন্নত অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

শোধনাগারের সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা মহানগরীর পয়ঃনিষ্কাশনব্যবস্থা উন্নয়নে প্রণীত স্যুয়ারেজ মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দাশেরকান্দি পয়ঃশোধনাগার নির্মাণ করা হয়। ঢাকা শহরের ভেতরে পাঁচটি এবং শহরের বাইরে ছয়টি—মোট ১১টি পয়ঃশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দাশেরকান্দি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে দেশটির রাষ্ট্রায়ত্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়নার মাধ্যমে শোধনাগারটি নির্মিত হয়েছে।

তবে শোধনাগার নির্মিত হলেও নির্ধারিত ক্যাচমেন্ট এলাকার সব পয়ঃবর্জ্য নিয়মিতভাবে সেখানে পৌঁছানো যাচ্ছিল না। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পরিমাণ বর্জ্য না পাওয়ায় শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এতে একদিকে শোধনাগারের সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছিল না, অন্যদিকে বিভিন্ন এলাকার অপরিশোধিত বর্জ্য লেক ও জলাশয়ে মিশে পরিবেশদূষণের ঝুঁকি তৈরি করছিল।

এ পরিস্থিতিতে পয়ঃবর্জ্য সংগ্রহব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। গত ২৮ এপ্রিল ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুলশান লেক আবর্জনামুক্তকরণ ও স্যানিটেশন নিয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুলশান, বনানী ও বারিধারা এলাকার পয়ঃবর্জ্য হাতিরঝিল হয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পাঠানোর জন্য সংগ্রহ নেটওয়ার্ক নির্মাণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এরপর ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে পরামর্শক হিসেবে নিয়োগ করে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়। সমীক্ষার ভিত্তিতে প্রকল্পটির নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে।

পাইপলাইন ও স্টেশন নির্মাণে বড় ব্যয়

প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে প্রায় ১৪০ কিলোমিটার পয়ঃনিষ্কাশন লাইন নির্মাণ ও পুরোনো লাইন পুনর্বাসন। এ ছাড়া বর্জ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে চারটি স্যুয়ারেজ লিফটিং স্টেশন এবং দুটি স্যুয়ারেজ পাম্পিং স্টেশন নির্মাণ বা সংস্কার করা হবে। নেটওয়ার্কের বাইরে থাকা অনুন্নত ও প্রান্তিক এলাকাগুলোতে নন-নেটওয়ার্ক স্যানিটেশন সুবিধার আধুনিকায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পে পাইপলাইন ও পয়ঃলিফটিং স্টেশন নির্মাণে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে। দুটি প্যাকেজে এ খাতে ব্যয় হবে ৯৪২ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে প্রথম প্যাকেজে ৫৩১ কোটি ৯১ লাখ এবং দ্বিতীয় প্যাকেজে ৪১০ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হবে।

পয়ঃবর্জ্য পরিষ্কারের যন্ত্রপাতি কিনতে ৬ কোটি ৭০ লাখ টাকা, দুটি পয়ঃবর্জ্য উত্তোলন কেন্দ্র নির্মাণ ও পার্কের সৌন্দর্যবর্ধনে ২ কোটি টাকা এবং অন্যান্য অবকাঠামোগত কাজে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

পয়ঃবর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য দুটি ভ্যাকুয়াম ট্রাক, দুটি ক্ষুদ্র পাইপলাইন পরিদর্শনব্যবস্থা, দুটি চলমান রক্ষণাবেক্ষণ যানবাহন এবং চারটি গ্যাস শনাক্তকরণ যন্ত্র কেনা হবে। এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, মোটরসাইকেল, আসবাবপত্র এবং অন্যান্য লজিস্টিকস কেনার ব্যয়ও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৩৯ লাখ টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, আউটসোর্সিং জনবল, যাতায়াত, ইন্টারনেট, ইউটিলিটি ও অন্যান্য প্রশাসনিক খরচের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ কোটি ৬২ লাখ টাকা। পরামর্শক সেবার জন্য ২৯ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের তথ্য প্রকল্পের সংক্ষিপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ৬১২ জনমাস পরামর্শক সেবা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সম্ভাব্য মূল্যবৃদ্ধি ও অনিবার্য অতিরিক্ত ব্যয় মোকাবিলায় আপৎকালীন বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্পের অর্থনৈতিক মূল্যায়নেও ইতিবাচক ফল দেখানো হয়েছে। ১২ শতাংশ ডিসকাউন্ট রেট ধরে করা বিশ্লেষণে আর্থিক ক্ষেত্রে নিট বর্তমান মূল্য ৬৮২ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ৭৯৯ কোটি ৪ লাখ ২৩ হাজার টাকা পাওয়া গেছে। আর্থিক ও অর্থনৈতিক সুবিধা-ব্যয় অনুপাত যথাক্রমে ১ দশমিক ৫৯ ও ১ দশমিক ৭৭। অভ্যন্তরীণ মুনাফার হার আর্থিক ক্ষেত্রে ১৭ শতাংশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে ১৯ শতাংশ ধরা হয়েছে।

অর্থ বিভাগের শর্ত অনুযায়ী, প্রকল্পের সরকারি অর্থায়নের ক্ষেত্রে ৪ শতাংশ সুদ প্রযোজ্য হবে। ঋণের জন্য পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ২০ বছরের মধ্যে ত্রৈমাসিক কিস্তিতে অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য অর্থ বিভাগের সঙ্গে আনুষ্ঠানিক ঋণচুক্তি সম্পাদনের শর্ত রয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মধ্যমেয়াদি বাজেট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

পরিশোধিত পানি ও বর্জ্য ব্যবহারে গবেষণা

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সম্প্রতি জানান, আগামী দুই বছরের মধ্যে গুলশান, বনানী ও বারিধারা লেকের আশপাশের পয়ঃবর্জ্য আধুনিক পয়ঃনিষ্কাশনব্যবস্থার মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নেওয়া হবে। এসব এলাকার পয়ঃবর্জ্য আর লেক বা খালে যাবে না। শোধনাগারে পরিশোধনের পর পানি বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী হবে। পাশাপাশি পরিশোধন প্রক্রিয়ায় অবশিষ্ট বর্জ্য কীভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, তা নিয়েও গবেষণা শুরু হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, হাতিরঝিলসহ রাজধানীর পরিবেশ উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর অংশগ্রহণ জরুরি। শহর সবার। তাই লেক, পার্ক ও শহরকে নিজেদের সম্পদ মনে করে সবাইকে দায়িত্ব নিতে হবে। সম্মিলিত অংশগ্রহণ থাকলে পরিবেশ উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীতে এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিভিন্ন রেস্তোরাঁ, নির্মাণাধীন ভবন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন, অ্যাপার্টমেন্টের বেজমেন্ট ও ছাদে ফুলের টবসহ বিভিন্ন স্থানে লার্ভার উৎপত্তিস্থল পাওয়া যাচ্ছে। এসব স্থানের ৫০ শতাংশের বেশি জায়গায় লার্ভার উপস্থিতি শনাক্ত হয়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। নগরবাসীকে মশাবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। এ কার্যক্রম প্রায় এক মাস ধরে চলছে। পাশাপাশি নিয়মিত অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জরিমানা অব্যাহত থাকবে।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর