বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিমান, ডাক ও রেলপথে চোরাচালানের নতুন কৌশল, কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

বিমান, ডাক ও রেলপথে চোরাচালানের নতুন কৌশল, কোটি টাকার পণ্য জব্দ
বিমান, ডাক ও রেলপথে চোরাচালানের নতুন কৌশল। ছবি: এআই নির্মিত

বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথে চট্টগ্রামে পণ্য পাঠানোর মাধ্যমে চোরাচালানের নতুন কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে ধারাবাহিক অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ব্যবহৃত মোবাইল ফোন ও মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি৬৮০ ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার এবং প্রয়োজনীয় তাপমাত্রা বজায় না রেখে ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

এরআগে, গত ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ সাত হাজার ৭৮৭ পিস গৌরি ক্রিম ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস কেন্দ্র হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা ছিল। এ ঘটনায় বিমান ডাক ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের মাধ্যমে চোরাচালানের নতুন কৌশলের বিষয়টি সামনে এসেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফইসহ মোবাইল ফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়।

১৪ অক্টোবর থাই এয়ারওয়েজ, সালাম এয়ারসহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে আরও ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি প্রসাধনসামগ্রী এবং ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

দুই দিনের অভিযানে সব মিলিয়ে ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, সাত হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, বিমানবন্দর থেকে ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ভায়াগ্রা ও ইনসুলিনসহ ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, মোবাইল ফোন এবং ১৭ লিটার মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এসব অভিযানের মাধ্যমে শুল্ক ও রাজস্ব সুরক্ষার পাশাপাশি ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে সমন্বিত নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর