মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালান জব্দ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালান জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর, ভোমরা ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল এসব অভিযান চালায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা, মদ, উইন কোরেক্স কাশির সিরাপ, মোবাইল ফোনের ডিসপ্লে, প্রসাধনসামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ, পাতার বিড়ি, খৈনি, পানমসলা, মোবাইল ফোন এবং তালা-চাবি।

মঙ্গলবার ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন সদরের অভিযানিক দল সাতানী বাজার-নারাণজল সড়ক থেকে ৯৬ হাজার টাকা মূল্যের উইন কোরেক্স কাশির সিরাপ জব্দ করে। স্থানটি তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।


এদিকে ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল ভোমরা আইসিপি এলাকা থেকে ৫৯ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনসামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ, পাতার বিড়ি, খৈনি, পানমসলা, মোবাইল ফোন ও তালা-চাবি জব্দ করে। স্থানটি মেইন পিলার ৩ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কেঁড়াগাছি এলাকা থেকে তিন হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে। স্থানটি সীমান্ত পিলার ১৩/৩-এসের ৪ আরবি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে।

এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক দুটি অভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠের বড়ইবাগান ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৮ লাখ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার সময় এসব পণ্য জব্দ করা হয়। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর