রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

।
ফাইল ছবি

পবিত্র হজের আর মাত্র কয়েক দিন বাকি। সে লক্ষ্যে এরইমধ্যে ১১০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী। আরও কয়েকটি ফ্লাইটে উল্লেখযোগ্য হারে হজযাত্রী সৌদিতে যাবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, আজ (রোববার) সকাল ১০টা পর্যন্ত মোট ১১০টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে।


বিজ্ঞাপন


লোকমান হোসেন আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ৩৪ হাজার ৫৪৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এদিকে হজ বুলেটিনের তথ্য বলছে, এখন পর্যন্ত সাতজন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

বুলেটিনে আরও বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩১৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭১টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফ্লাইট ঢাকায় আসবে আগামী ৩০ জুন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর