বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ এএম

শেয়ার করুন:

কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের প্রকৃত সংকট নেই। কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে লাইনের মাধ্যমে সংকটের চিত্র তৈরি করছে এবং এর মাধ্যমে একটি ইনফরমাল মার্কেট গড়ে তুলছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা (বিধি-৬৮) এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন। 


বিজ্ঞাপন


জ্বালানি মন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় জ্বালানি নিতে দীর্ঘ লাইন দেখা গেলেও সেটি প্রকৃত সংকট নয়। একটি গোষ্ঠী কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে ইনফরমাল বাজারে প্রবেশ করতে চাইছে। কিছু অসাধু ব্যক্তি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বাজারে বিকৃতি ঘটাচ্ছে।

তিনি জানান, সরকার নিয়মিতভাবে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করছে। এর মাধ্যমে অবৈধ মজুত ও কালোবাজারি চিহ্নিত করে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে এবং তা পুনরায় বাজারে সরবরাহ করা হয়েছে।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এই খাতটি প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সরকার সরাসরি মূল্য নিয়ন্ত্রণে নেই। এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয়।


বিজ্ঞাপন


মন্ত্রী সংসদে বিরোধী দলসহ সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি খাতে অস্থিরতা দূর করতে জাতীয় ঐক্য প্রয়োজন। এই কৃত্রিম লাইনের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।

তিনি বলেন, সরকার জনগণের সুবিধার জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি অনুসন্ধান করে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর