শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

একই দিনে দুই ভোট: ছাপানো শেষ মনোনয়নপত্র, তফসিলের অপেক্ষা

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম

শেয়ার করুন:

একই দিনে দুই ভোট: মনোনয়নপত্র প্রস্তুত, তফসিলের অপেক্ষা
প্রথমবারের মতো এক দিনে দুই ভোট হওয়ায় বাড়তি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের জন্য ৩৪ হাজার মনোনয়নপত্র, লাখ লাখ ফরম, পরিচয়পত্র ও নির্বাচনী প্যাকেটের ছাপানোর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ভোটার সংখ্যার ভিত্তিতে মোট ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট প্রিন্ট করা হবে। এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে ইসি।

ইসি সূত্র জানায়, আইন ও বিধি সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় এমন যাবতীয় নির্বাচনী সামগ্রী ছাপানোর কাজ শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৪ হাজার মনোনয়নপত্র, প্রায় ৫ লাখ ফরম, এবং ১০ হাজার প্রতীকের পোস্টার। নির্বাচনের জন্য প্রয়োজনীয় ২০ লাখ বিভিন্ন ধরনের প্যাকেটের মধ্যে ১৭ লাখ ইতোমধ্যেই প্রস্তুত।


বিজ্ঞাপন


পর্যবেক্ষক নীতিমালা ১০ হাজার পিস, প্রিজাইডিং অফিসারদের জন্য ৪৩ হাজার পরিচয়পত্র, সহকারী প্রিজাইডিং অফিসারদের জন্য ৩ লাখ এবং পোলিং অফিসারদের জন্য ৬ লাখ পরিচয়পত্র ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের জন্য ৩২ লাখ পরিচয়পত্রের কাজও শেষ হয়েছে।

ইসি সূত্র আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও নির্বাচনী পরিচালক ম্যানুয়েল সংক্রান্ত আইন-বিধি ফরম ছাপানো এখনো শুরু করা যায়নি।

ছাপার কাজ ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ ঢাকা মেইলকে বলেন, ‘নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা হবে আর ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে।’


বিজ্ঞাপন


সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট সংখ্যা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারের সংখ্যা অনুযায়ী দুই ভোটের জন্য মোট ২৫ কোটি ৫৪ লাখ ব্যালট প্রিন্ট করা হবে। ইসির সংশ্লিষ্ট শাখা জানায়, নিবন্ধিত ভোটারের সংখ্যার বেশি ব্যালট ছাপানো হবে না।

দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ব্যালট প্রিন্টিং বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সরকারি প্রেস থেকে ব্যালট পেপার এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে প্রবাসীদের ব্যালট পেপার প্রিন্ট করা হচ্ছে। প্রিন্টিংয়ের সঙ্গে যারা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং তার নিয়ন্ত্রণাধীন গভমেন্ট প্রেস ওনাকে ব্যক্তিগত তত্ত্বাবধায়নের অনুরোধ করা হয়েছে। দ্রুত সকল প্রিন্টিয়ের কাজ শেষ হয়ে যাবে।’ তেজগাঁও ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যালট সর্টিং সেন্টারগুলোতে স্টেকহোল্ডারদের পরিদর্শন ব্যবস্থার জন্য ডাক বিভাগকে উদ্যোগ নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

মক ভোটিংয়ের মাধ্যমে প্রতিবন্ধকতা বিশ্লেষণ

গত শনিবার সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি যাচাই করতে মক ভোটিং আয়োজন করে ইসি। এতে ভোটার আইডেন্টিফিকেশন, ব্যালট সিল দেওয়া, ভোট বাক্সে ফেলা এবং সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।

প্রাথমিক বিশ্লেষণ শেষে ইসি মনে করছে, গোপন কক্ষ বাড়ালে ভোটের চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চূড়ান্ত বিশ্লেষণ শেষে সময় এবং ভোট প্রবাহ সম্পর্কিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

ইসি সচিব বলেন, মক ভোটিংয়ের মূল উদ্দেশ্য ছিলো সময় পরিমাপ ও ভোটের প্রবাহ নির্ণয় করা। সমতল ও পাহাড়ি এলাকায় বাস্তবতার পার্থক্য থাকলেও প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে গোপন কক্ষ বাড়ালেই চাপ সামলানো সম্ভব।

ভোটার আইডেন্টিফিকেশন থেকে ব্যালট সিল দিয়ে বাক্সে ফেলা, প্রতিটি ধাপ কত সময় নিচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত বিশ্লেষণ শেষে গণমাধ্যমকে জানানো হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সারাদেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। মোট ভোটকক্ষ নির্ধারিত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। যার মধ্যে নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি এবং পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। 

সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকদিন ধরেই প্রস্তুতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারের পক্ষ থেকে গণভোটের সময় জানানোর পর অতিরিক্ত ব্যালট পেপার, অতিরিক্ত ভোটদানের কক্ষ, বাজেট বৃদ্ধিসহ বেশ কিছু অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে ভোট আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটিকে।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর