রান্না করা খাবার গরম রাখতে কিংবা প্যাক করতে আমরা অনেকেই চোখ বন্ধ করে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করি। কাবাব সেঁকার সময়েও অনেকে মাংস ফয়েলে মুড়িয়ে নেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ তাপমাত্রায় বা অ্যাসিডিক খাবারের সংস্পর্শে এলে এই ফয়েল থেকে অ্যালুমিনিয়ামের ক্ষুদ্র কণা খাবারে মিশে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
ইন্টারন্যাশনাল জার্নাল অব ইলেকট্রোকেমিক্যাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, অ্যালুমিনিয়াম ফয়েল থেকে ধাতব কণা বিচ্যুত হয়ে খাবারে মিশে যাওয়ার প্রবণতা থাকে। বিশেষ করে ডিসটিলড ওয়াটার, অ্যাসিডিক এবং অ্যালকালাইন দ্রবণের উপস্থিতিতে এই প্রক্রিয়াটি দ্রুত ঘটে। লেবু, টম্যাটো বা অতিরিক্ত মশলাযুক্ত অ্যাসিডিক খাবারে অ্যালুমিনিয়াম লিচিং হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এ ছাড়া ওভেনে ফয়েলে জড়িয়ে খাবার রান্না করলে উচ্চ তাপমাত্রার কারণে ধাতব কণা খাবারে মিশে যাওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। গবেষকদের মতে, অ্যালুমিনিয়ামের বাসনে রান্নার চেয়ে ফয়েলে মোড়া খাবারে সরাসরি ধাতব কণা মেশার ঝুঁকি অনেক বেশি।

অনেকে মনে করেন, ফয়েলে মোড়া খাবার দীর্ঘক্ষণ টাটকা থাকে। কিন্তু বাস্তবে অ্যালুমিনিয়াম ফয়েল খাবারকে সম্পূর্ণ এয়ার টাইট রাখতে পারে না। ফলে খাবারের মধ্যে খুব দ্রুত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে এবং খাবারটি পরের দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন: ছাদে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারে গরম কমে অর্ধেক

বিশেষজ্ঞরা অ্যালুমিনিয়াম ফয়েলের বদলে কিছু নিরাপদ বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। যেমন ক্লিং র্যাপ খাবারকে বাইরের আবহাওয়ার সংস্পর্শ থেকে দূরে রাখে, ফলে খাবার দীর্ঘক্ষণ ফ্রেশ থাকে। ঢাকনাযুক্ত কাচ বা স্টিলের পাত্রে খাবার রাখা সবথেকে নিরাপদ। তবে মনে রাখবেন, গরম খাবার সরাসরি পাত্রে না ভরে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে তারপর স্টোর করতে হবে। এছাড়া বেঁচে যাওয়া খাবার আলাদা আলাদা ফ্রিজার ব্যাগে ভরে রাখতে পারেন, যা ব্যবহার করাও সহজ এবং নিরাপদ।
এজেড




