সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করেন হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সশস্ত্র বাহিনী রিয়াদে সৌদি শত্রুপক্ষের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে’।
استهدفت قواتنا المسلحة بفضل الله وزارة الدفاع في عاصمة العدو السعودي الرياض بصاروخ باليستي وكانت الإصابة مباشرة بفضل الله.
— العميد/ يحيى سريع (@Yah_Saree) October 27, 2026
তবে হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইরান সমর্থিত গোষ্ঠীটি।
এদিকে সৌদি আরবও এখনো এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই দিনে সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত বৃহস্পতিবারও (২২ অক্টোবর) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে হামলার দাবি করেছিল ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
প্রসঙ্গত, সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।
সূত্র: আলজাজিরা, ডন
এমএইচআর




