সৌদি আরবে আটকে পড়া ভারতীয় ওমরাযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। গত এক সপ্তাহে আটকে পড়া প্রায় ৩ হাজার ওমরাযাত্রী বিভিন্ন ফ্লাইটে ভারতে ফিরেছেন। এ ছাড়া নিয়মিত ওমরা পালন শেষে আরও ১০ হাজারের বেশি ভারতীয় একই সময়ে দেশে ফিরেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, আটকে পড়া ওমরাযাত্রীদের দেশে ফেরাতে কাজ চলছে। তাদের সহায়তায় সৌদি আরবে অবস্থিত ভারতের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ২৪ ঘণ্টার জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে দেশে ফেরার ফ্লাইটের ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সৌদিতে হুথি হামলাকে গুরুতর অপরাধ বললেন মালয়েশিয়ার গ্র্যান্ড মুফতি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলা এবং আকাশপথে চলাচলে বিঘ্নের কারণে ওমরাযাত্রীদের ভ্রমণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইটের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে।
ওমরা ইসলামের একটি ঐচ্ছিক ইবাদত, যা বছরের যেকোনো সময় পালন করা যায়। বার্ষিক হজের তুলনায় এটি ছোট পরিসরের তীর্থযাত্রা হিসেবে পরিচিত। ২০২৫ সালে সৌদি আরবে ওমরা পালনকারী ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন ভারতীয় নাগরিক।
তথ্যসূত্র: আল জাজিরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়




