রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ এএম

শেয়ার করুন:

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছাড়াও দুই বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। রিয়াদকে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। এসব হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনগুলোও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তার দাবি, ইয়েমেনে সৌদি আরবের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আল-বুখাইতি বলেন, ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান ও শোকসভার হল, হাসপাতাল এবং বাজারের মতো বেসামরিক স্থাপনায় হামলা বা সেগুলোর ক্ষতিসাধন যে গ্রহণযোগ্য নয়, তা বিশ্বকে বোঝাতেই হুথিরা এই হামলা চালিয়েছে। তার বক্তব্য, ইয়েমেনের এসব স্থাপনার সুরক্ষায় যে নীতি অনুসরণ করা উচিত, বিশ্বের অন্যান্য অঞ্চলে একই ধরনের স্থাপনার ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া প্রয়োজন।

এদিকে, হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদক বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। এ সময় পুলিশ বিমানবন্দরে প্রবেশের পথ বন্ধ করে দেয়।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর