রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারীরও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারীরও মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে। তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে সড়কের ওপর দুই নারীর মরদেহ পাওয়া যায়।

পরে সন্দেহভাজন বন্দুকধারী বাড়িটির ভেতরে অবস্থান নেন। পুলিশ বাড়িটি ঘিরে তাকে বাইরে বেরিয়ে আসার নির্দেশ দেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।

একপর্যায়ে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহ উদ্ধার করে। সেখানে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। তার শরীরেও গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

শনিবার মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়েছিল। পুলিশের সঙ্গে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিতে দেরি হওয়ার কারণে এসব মৃত্যু ঘটেনি।

ইরি পুলিশের প্রধান রিক লোরা এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এই ঘটনায় প্রাণহানির ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি আরও বলেন, তদন্ত চলমান থাকায় হত্যাকাণ্ডের উদ্দেশ্য কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় নিয়ে অনুমাননির্ভর মন্তব্য করবে না পুলিশ।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোও এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। ইরিতে সংঘটিত এই মর্মান্তিক গণগুলির ঘটনায় তার প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে বলে জানান তিনি। এ ঘটনায় অঙ্গরাজ্যটির নয়জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন গভর্নর।

শাপিরো বলেন, ‘এই পরিবারটির জন্য আমার হৃদয় ব্যথিত।’ তিনি আরও জানান, তিনি ও তার স্ত্রী নিহতদের স্বজন এবং ইরি সম্প্রদায়ের মানুষের জন্য প্রার্থনা করছেন।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শনিবার বিকেলে মেয়রের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর