দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৫২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জন ঢাকা বিভাগের। আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে ডেঙ্গুতে নিহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন আক্রান্ত নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
বর্তমানে ৫ হাজার ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানায় অধিদফতর।
গতকাল শনিবারও (১৪ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এসব নিয়ে নভেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৮০ জন।
এ ছাড়া গত অক্টোবরে ১৭৪ জন ও সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গু রোগী নিহত হন। এর বাইরে গত আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী প্রাণ হারান।
এরআগে, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন। এ ছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট নিহত হন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে নিহত হন ১ হাজার ৭০৫ জন এবং মোট আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এএম




