দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে রাজত্ব করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। একসময় বাস কন্ডাক্টারের কাজ করা মানুষটি আজ ভারতীয় সিনেমার অন্যতম ধনী অভিনেতা। তবে সম্পদের একটি বড় অংশ পরিবারকে না দিয়ে জনকল্যাণমূলক ট্রাস্টের হাতে তুলে দিতে চান তিনি। সেই সম্পত্তি থেকে উপার্জিত প্রতিটি পয়সা খরচ হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের পেছনে।
চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রজনীকান্তের রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জমির উপর তৈরি ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেতার বহু স্মৃতি। ১৯৮৯ সালে তৈরি হয়েছিল এই মণ্ডপম। দীর্ঘদিন ধরে এটি রজনীকান্তের নানা সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানেই অনুরাগীদের সঙ্গে একাধিকবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অভিনেতা। শুধু তাই নয়, ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ এবং ত্রাণকর্মীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে মণ্ডপম নিয়ে রজনীকান্তের পুরনো একটি ভিডিও ভাইরাল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যাঁরা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না।’
কিন্তু কেন পরিবারকে না দিয়ে তামিলনাড়ুর সাধারণ মানুষের জন্য সম্পত্তি উৎসর্গ করতে চান অভিনেতা? এ বিষয়ে রজনীকান্তের মত, তাঁর জনপ্রিয়তা এবং সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান সাধারণ দর্শকদের। বছরের পর বছর তাঁরা সিনেমার টিকিট কেটে তাঁকে সমর্থন করেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
অভিনেতার কথায়,‘তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমাকে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবে আমার এই সিদ্ধান্ত।’ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন এখানকার মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
ইএইচ/




