রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন এনসিপি নেতারা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন এনসিপি নেতারা

চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বর এলাকার কাছে নিউ গিনি কন্ডোমিনিয়াম সিটিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছ। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে।

হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কর্মীরা। 

মধ্যরাতে হামলার খবর ছড়িয়ে পড়লে এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

নাসির উদ্দিন পাটোয়ারী লিখেছেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি। এ হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’

এনসিপির মহিউদ্দিন রনি লেখেন, “সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের তান্ডব দেখলাম। আমি জানি সে মানসিকভাবে অনেক শক্ত। আমি বলবো না ‘সালমানের পাশে দাঁড়ান’; বরং আজ তার পাশে দাঁড়িয়ে থাকতে পারলেই আমার নিজের ভেতর শক্তি অনুভব করব।”

হামলার ঘটনার পর এক ভিডিওতে সালমান বলেন, ‘এই পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে। …এই ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং।’

তিনি বলেন, ‘এরকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। বাংলাদেশের আর্টস, কালচার, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে এটাই ছিল একমাত্র এমন উদ্যোগ...মানে এফডিসিতেও এগুলা নাই। এখন সেটা ডেস্ট্রয় হয়ে গেছে।’

সালমান আরও বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে যদি আপনি কিছু করতে চান এবং এইটা করার সময় যদি আপনি কারো তোষামোদ না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো দলকে ফলো না করেন, আপনি যদি সিকিউরিটি টাকা-পয়সা দিয়ে কিনতে না পারেন, দিস ইজ হোয়াট হ্যাপেনস টু ইউ।’

সালমান দাবি করেন,  দুর্বৃত্তরা স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং কক্ষের অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পাশাপাশি ভাঙচুর করে তছনছ করে ফেলে স্টুডিওর ভেতরের বিভিন্ন সরঞ্জাম।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর