Dhaka Mail Logo

বিনোদন

চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।

হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ক্ষোভে ফুসছেন শোবিজ তারকারাও। এই তালিকায় আছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। 

মধ্যরাতে হামলার খবর ছড়িয়ে পড়লে এক পোস্টে সাদিয়া লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, মোটেও মেনে নেওয়া যায় না! এমন মানুষ এটার প্রাপ্য নন!’

তিনি যোগ করেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা জীবনে ভালো কিছু দেখেনি। আর দেখলেও সেটা হজম করতে পারে না। লজ্জাজনক ব্যাপার, ধিক্কার জানায়।’
 
এক ভিডিও বার্তায় সালমান জানান, শনিবার মধ্যরাতে স্টুডিওটিতে হামলা ও লুটপাট চালানো হয়। এতে স্টুডিওর বিভিন্ন যন্ত্রাংশ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সালমান দাবি করেন,  দুর্বৃত্তরা স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং কক্ষের অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পাশাপাশি ভাঙচুর করে তছনছ করে ফেলে স্টুডিওর ভেতরের বিভিন্ন সরঞ্জাম।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইএইচ/