কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রের মাখো মাখো প্রেমের গল্পে জমে উঠেছিল ‘ম্যায় হুঁ না’ সিনেমায়। সঙ্গে ছিল দেশপ্রেমের গাঢ় প্রলেপ। ২০০৪ সালের সেরা সিনেমাটির আবেদন আজও টাটকা। দুই দশক পর যেন এর সিক্যুয়েলের আভাস দিলেন পরিচালক ফারাহ খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি অর্জুন কাপুরের একটি পোস্টে ফারাহর মন্তব্য থেকে ছড়ায় গুঞ্জনটি। ইনস্টাগ্রামে ‘ম্যায় হুঁ না’র একটি ক্লিপ শেয়ার করে অর্জুন লেখেন, ‘অলটাইম ফেভারিট।’ সেইসঙ্গে ছবির সিক্যুয়েল দাবি করে লেখেন, ‘চটজলদি আমরা একটা সিক্যুয়েল চাই।’
অর্জুনের পোস্ট চোখে পড়েছে ফারাহর। এড়িয়ে যাননি। বরং জবাব দিয়েছেন। লেখেন, ‘যদি কোনো কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’ তাতেই ডানা মেলেছে গুঞ্জন। অর্জুন ফারাহর কথোপকথন দর্শকের মুনে ঘুমিয়ে থাকা সিক্যুয়েলের বাসনাকেও জাগিয়ে তুলেছে। অনেকে ভাবছেন ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় কিস্তির ইঙ্গিত দিলেন ফারাহ।
‘ম্যায় হুঁ না’ দিয়ে পরিচালকের খাতায় নাম লেখান ফারাহ। শাহরুখ খান, সুস্মিতা সেনসহ একাধিক তারকা ছিল ছবিটিতে। যা ফারাহকে এনে দিয়েছিল সেরা নির্মাতার সম্মাননা। সম্প্রতি ফিসফাস চলছিল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে অর্জুন ফারাহর কথোপকথন যেন সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিল।
আরআর




