বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঞ্চ থেকে বড় পর্দা—সবখানেই রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তবে পর্দার পেছনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নামে নিজের আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন। এতে নিজের প্রাক্তন ও সহ-অভিনেত্রীদের নিয়ে গোপন তথ্য জনসমক্ষে আনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন। একসময়ে বাধ্য হয়ে বইটি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
বইটিতে ‘মিস লাভলি’ ছবির সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন নওয়াজুদ্দিন। বইয়ে তিনি লেখেন, ঘনিষ্ঠ হওয়ার আগে তিনি নিহারিকার বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে প্রবেশ করে দেখলেন ঘরে নিভু নিভু অবস্থায় মোমবাতি জ্বলছিল। নিহারিকার পরনে নকল পশমের পোশাক। তিনি দাবি করেন, সম্পর্কটি প্রায় দেড় বছর টিকেছিল। তবে নিহারিকার সুর ছিল উল্টো; বইটি প্রকাশের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁদের মধ্যে মাত্র কয়েক মাস সম্পর্ক ছিল এবং নওয়াজউদ্দিন মনগড়া গল্প লিখেছেন।

নিহারিকার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেই বিয়ে সেরেছিলেন নওয়াজউদ্দিন। কিন্তু সে কথা কখনো অভিনেত্রীর কাছে প্রকাশ করেননি বলেও দাবি করেন নিহারিকা। তিনি বলেন, ‘আমি পরে জানতে পারি নওয়াজউদ্দিনের গ্রামে তাঁর স্ত্রী আছেন।’
সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে নিজেকে স্বার্থপর হিসেবে বর্ণনা করেছেন অভিনেতা। বইয়ে স্পষ্ট লেখেন, ‘আমার সঙ্গে থাকা নারীদেরও একই অভিযোগ ছিল। আমি নাকি নিজের প্রয়োজন মেটাতেই তাদের কাছে যেতাম।” নিহারিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি তাঁর বাড়িতে গিয়ে ঘনিষ্ঠ হয়ে চলে আসতে চাইতাম।’ কিন্তু কিছুদিন পেরুতেই বুঝতে পারেন নিহারিকা তাঁকে একজন স্বার্থপর মানুষ হিসেবে ভাবতে শুরু করেছেন।

বিতর্ক কেবল নিহারিকাকে ঘিরে সীমাবদ্ধ ছিল না। বইটিতে নিজের একাধিক প্রেম ও বিভিন্ন নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা অকপটে স্বীকার করেছিলেন নওয়াজউদ্দিন। অভিনেতার আরেক প্রাক্তন প্রেমিকা সুনিতা রাজওয়ার তাঁদের সম্পর্ক নিয়ে রচিত গল্পের তীব্র সমালোচনা করেন।
চারিদিক থেকে বয়কটের ডাক উঠলে নওয়াজউদ্দিন তাঁর অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন। বইটির কারণে যাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাঁদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এই অভিনেতা। শেষ পর্যন্ত ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, আত্মজীবনীতে নারীদের নাম উল্লেখ করা বা তাঁদের সম্মতি ছাড়া ব্যক্তিগত বিষয়গুলো লেখা তাঁর একেবারেই ঠিক হয়নি।
ইএইচ/




