সংক্ষিপ্ত সফর শেষে আবারও লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকালে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চন দেশ ছাড়ার আগের রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলেন তাঁরা। দীর্ঘ আলাপে অভিনেতা নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তাঁর স্বপ্নের সংগঠন নিয়ে কাজ করার জন্য তাগিদ দেন বলে জানিয়েছেন লিটন।
তিনি বলেন, ‘সকালে তাঁকে বিদায় দিতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আবেগী হয়ে যেতে পারি। তাই গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন, আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’
গতকাল মঙ্গলবার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জ যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করেন। এ ছাড়া কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করার পাশাপাশি মসজিদের উন্নয়নের জন্য দান করেন।
১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণের পরও অভিনেতার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট থেকে তাঁর ব্রেন টিউমারের দ্বিতীয় ধাপের চিকিৎসা শুরু হবে।
গত বছরের প্রথম দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর ব্রেনে অস্ত্রোপচার করা হয়।
ইএইচ/




