আইনি জটিলতায় পড়েছেন অস্কারজয়ী ‘আরআরআর’ সিনেমার জনপ্রিয় গান ‘নাটু নাটু’ খ্যাত গায়ক রাহুল সিপ্লিগুঞ্জ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাহুলসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশাখাপত্তনমের এমভিপি কলোনি থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযোগকারী তরুণীর দাবি, রাহুলের শ্যালক কারপুরপু রাহুল রেড্ডি নিজেকে গায়কের আত্মীয় পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওই নারীর।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। ফলে তাঁর ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। শুধু তাই নয়, গায়ক রাহুল নিজে তাঁকে হুমকি দিয়ে একটি ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করতে বাধ্য করেছিলেন বলেও মামলায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি গায়ক রাহুল।
উল্লেখ্য, ইউটিউবে স্বাধীন মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রাহুল এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানে কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এম এম কিরাবাণীর সুরে এবং চন্দ্রবোসের কথায় গাওয়া গানটি সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতে নেয়। ঐতিহাসিক সাফল্যের পর তেলেঙ্গানা সরকার তাঁকে এক কোটি টাকা নগদ পুরস্কারে ভূষিত করে। এ ছাড়া জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস তেলুগু ৩’-এর বিজয়ী হিসেবেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ব্যক্তিগত জীবনে গত বছরের নভেম্বরে হারিনিয়া রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক।
ইএইচ/




