আগে থেকেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল বিশ্বমঞ্চে আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার সকালে সেটিও পূরণ হয়ে গেল। ইতিহাস গড়ে অস্কারের মঞ্চে ছড়িয়ে পড়ল ভারতের এক আঞ্চলিক গানের সুর। সেরা ‘অরিজিনাল সং’য়ের শিরোপা জিতল ভারতের দক্ষিণী ছবি আরআরআর এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’। এই জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ব্যতিক্রম! নাটু নাটু গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটি গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় পুরস্কার জেতার জন্য।
‘স্লামডগ মিলিওনিয়র’ ছবি অস্কারের মঞ্চে সেরার শিরোপা জয় করেছিল। মাঝের কয়েকটা বছর খরায় কেটেছে ভারতের। অনেক সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ ফিরতে হয়েছে খালি হাতে।
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
নাটু নাটু ছাড়াও ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম’ এর শিরোপা জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এর জন্যও অভিনন্দন জানিয়েছেন মোদি। এটি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেস।
এর আগে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে বাজিমাত করে ‘আরআরআর’ সিনেমা। মহামারি উত্তরপর্বে যে সিনেমা আন্তর্জাতিকভাবে ভারতের বিনোদন দুনিয়ার মোড় ঘুরিয়েছে, এবার সেই ছবির ঝুলিতে এল অস্কার। এসএস রাজামৌলির মুকুটে যুক্ত হলো নতুন পালক।
একে




