তেলেগু চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী পাভালা সায়ামালা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে হায়দ্রাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১টা ৫২ মিনিটে হার্ট অ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তেলেগু সিনেমাতে চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করেছেন পাভালা। ‘গোলিমার’, ‘খাদগাম’, ‘অন্ধ্রওয়ালা’ ও ‘বর্শম’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এছাড়া চিরঞ্জীবী, প্রভাস, জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুনের মতো তারকাদের সঙ্গেও পর্দা শেয়ার করেছেন তিনি। ২০১৯ সালের ‘মাথু বাধলারা’ সিনেমায় তাঁকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অভিনীত বিভিন্ন দৃশ্য সামাজিক মাধ্যমে মিম আকারে বেশ জনপ্রিয়তা লাভ করে।
জীবনের শেষ বছরগুলো বেশ সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। চরম আর্থিক সংকট ও অসুস্থতা নিয়ে দিন পার করছিলেন তিনি। নিজের অসুস্থতার পাশাপাশি অসুস্থ মেয়ের দেখভালের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
চলতি বছরের মে মাসে অর্থের অভাবে একটি বেসরকারি হাসপাতাল তাঁকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এক ট্যাক্সিচালক মাঝরাতে তাঁকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যান। পথচারীরা তাঁকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে একটি ফাউন্ডেশনে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল।
পাভালার দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সুপারস্টার অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণ, আল্লু অর্জুনসহ বেশ কয়েকজন তারকা। নির্মাতা রাজ ও ডিকে তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।
ইএইচ/




