ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে বইছে টানটান উত্তেজনা। রোববার দিবাগত রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচের উন্মাদনা থেকে বাদ যাচ্ছেন না দেশের বিনোদন অঙ্গনের তারকারা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নিজের প্রেডিকশন জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা আরশ খান।
ফাইনালে স্পেনকে এগিয়ে রাখছেন এ অভিনেতা। ঢাকা মেইলকে আরশ বলেন, ‘আজকের ম্যাচে স্পেনের জেতার সম্ভাবনা প্রায় ৬০%-৭০%। মনে হচ্ছে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা একটু কম। কিন্তু আমরা সবাই চাই আর্জেন্টিনাই জিতুক।’
ম্যাচের স্কোরলাইন কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচে খুব বেশি গোলের দেখা মিলবে না। হয়তোবা ১-০ হবে, না হলে ২-১ হবে। আর যদি কোনোভাবে ২-২ হয়, তাহলে ম্যাচ টাইব্রেকারে যাবে।’
ফাইনাল ম্যাচটি ঘিরে নিজের ব্যক্তিগত পরিকল্পনার নিয়ে তিনি জানান, উত্তরায় তাঁর এক বন্ধুর রেস্টুরেন্ট আছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই তিনি সেখানে বসে উপভোগ করেছেন। ফাইনাল উপলক্ষে আজ বিশেষ আয়োজন করা হয়েছে। এমনকি খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে। অভিনেতা বলেন, ‘এখানে আমার সব ছোট ভাইদেরকে নিয়ে খেলা দেখি। আজকেও ওখানেই খেলা দেখার পরিকল্পনা রয়েছে।’
গোল ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে লামিন ইয়ামালকে খেলার এক্স-ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি। আরশের কথায়, ‘স্পেন যদি গোল করে এগিয়ে যায়, তবে সেটা লামিন ইয়ামাল করবে। কারণ ও রাইট উইং থেকে বল যেভাবে ক্রস করে, সেটা প্রতিপক্ষের জন্য বেশ ঝামেলার।’
তিনি আরও বলেন, ‘এবার টুর্নামেন্টে একটা মজার বিষয় ঘটেছে— অধিকাংশ খেলোয়াড় নিজেরা গোল করার জন্য খেলছে। কিন্তু ইয়ামাল এমন একজন প্লেয়ার যাকে দেখলাম নিজের গোল করার চিন্তা নিয়ে খেলে না। বরং পুরো টিমকে জেতানোর ইনটেনশন নিয়ে খেলে। এমন মানসিকতা প্রতিপক্ষের জন্য ঝুঁকির কারণ। ওঁর পাস ভুল হয় না বললেই চলে।’
স্পেনকে আটকানোর ক্ষেত্রে লিওনেল মেসির বার্সেলোনার দীর্ঘ ক্যারিয়ার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য একটা বড় পজিটিভ দিক হচ্ছে লিওনেল মেসি লম্বা সময় বার্সেলোনায় খেলেছে। ফলে স্পেনের খেলোয়াড়দের খেলার ধরন, কৌশল এবং বার্সেলোনার প্লেয়ারদের স্ট্র্যাটেজি সম্পর্কে মেসির ধারনা আছে। ফ্রান্স যেহেতু ফাইনালে নেই এটা আর্জেন্টিনার জন্য ভালো খবর। কারণ স্পেন ও ফ্রান্সের খেলার স্টাইল একদম আলাদা।’
বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ায়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি কয়েকট মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।
ইএইচ/




