আজ ১৯ জুলাই বিশ্ববাসীর পাখির চোখ যেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অপেক্ষা মহারণের। প্রতিদ্বন্দী আর্জেন্টিনা-স্পেন। প্রিয় ফুটবল দলের হাতেই উঠুক বিশ্বকাপ— প্রত্যাশা সমর্থকদের। জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও আছেন এ দলে।
আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সমর্থক পূর্ণিমা। বিশ্বকাপের এবারের আসরে মেসিদের প্রত্যেকটি ম্যাচের জয় সামাজিক মাধ্যমে মন খুলে উদযাপন করেছেন তিনি। প্রত্যাশা ফাইনালেও জয়ী হোক আর্জেন্টিনা। দেখতে চাচ্ছেন মেসির পায়ে গোল।
ঢাকা মেইলকে পূর্ণিমা বলেন, ‘যেহেতু ফাইনাল ম্যাচ এবং প্রিয় দল আর্জেন্টিনা আছে সেহেতু খেলাটা আয়োজন করেই দেখব। কোনো প্রেডিকশন নেই তবে আমি চাই আর্জেন্টিনা জিতুক। মেসি গোল দিক। সে গোল করতে না পারলেও গোল বানিয়ে দিক।’
বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ায়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি বেড়ে ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি মিনিটগুলো ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।
আরআর




