আজ বিশ্ববাসীর পাখির চোখ যেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অপেক্ষা মহারণের। প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-স্পেন। কার হাতে উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬- অনেকেই করছেন প্রেডিকশন। অভিনেতা জায়েদ খানও আছেন এ তালিকায়।
এক খুদে বার্তায় ঢাকা মেইলকে জায়েদ খান বলেন, ‘এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। ২-১ গোলের ব্যবধানে স্পেনকে পরাজিত করবে তারা। এদিন মেসি একটি গোল দিতে পারেন। পাশাপাশি এ ক্ষুদে জাদুকর অ্যাসিস্টও করবেন।’
বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ায়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি কয়েকট মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।
আরআর




