ছয় দশকের বেশি সময় ধরে বলিউড বুঁদ তাঁর সৌন্দর্য ও অভিনয় দক্ষতায়। বয়সকে নিতান্তই হুকুমের গোলাম করে রেখেছেন যেন। সৌন্দর্য যেন তাঁর অনুগত প্রজা! বলছিলাম চির সবুজ অভিনেত্রী হেমা মালিনীর কথা।
এবার চর্চায় তাঁর বায়োপিক। সম্প্রতি চলচ্চিত্রে নিজের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। সেখানে জানান, পর্দায় হেমা মালিনী হিসেবে দীপিকা পাডুকোনকে পছন্দ তাঁর।

নিজের বায়োপিকে কাকে দেখতে চান? ওই অনুষ্ঠানে হেমা মালিনীর কাছে জানতে চাওয়া হয়। উত্তরে অভিনেত্রী বলেন, ‘দীপিকা খুবই সুন্দরী এবং অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী। ওর যদি ইচ্ছে থাকে, তবে ও অবশ্যই আমার চরিত্রে অভিনয় করতে পারে। আসলে যে কেউ চাইলে এই কাজটি করতে পারে।’
হেমার মুখে দীপিকার নাম আসতেই দুজনের সম্পর্ক ফের আলোচনায় এসেছে। আগে থেকেই দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক। ২০১৫ সালে নিজের আত্মজীবনী ‘হেমা মালিনী: বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর প্রকাশ অনুষ্ঠানে দীপিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন হেমা।

এছাড়া ‘ওম শান্তি ওম’ সিনেমায় দীপিকার চরিত্রের নাম শান্তিপ্রিয়া। এই নামের চরিত্রে হেমাও আগে অভিনয় করেছেন। ওই ছবিতে দীপিকাকেও ড্রিম গার্ল সম্বোধন করা হয়।
আরআর




