কাছের মানুষ হারালেন বলিউড অভিনেতা সালমান খান। মারা গেছেন তাঁর ৪২ বছরের পুরোনো বন্ধু সুশীল কুমার। সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেতা নিজেই বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পোস্টে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এই তারকা।
সালমান তাঁর বন্ধু সুশীলকে নিজের ভাইয়ের মতো মনে করতেন। বন্ধুর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পোস্টে সালমান উল্লেখ করেন, সুশীল ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনের কঠিনতম সময়েও মুখে হাসি ধরে রাখতেন। তিনি সব সময় বলতেন সব ঠিক হয়ে যাবে, কোনো কিছুতেই কিছু যায় আসে না।

বন্ধুর প্রয়াণে সালমান লিখেছেন, সুশীল মৃত্যুর সঙ্গে একজন হেভিওয়েট চ্যাম্পিয়নের মতো লড়াই করেছেন। তাঁর জন্য আমার চোখে কোনো জল নেই, আছে কেবল এক বুক হাসি আর আনন্দময় স্মৃতি। কাউকে আগে বা কাউকে পরে পৃথিবী ছাড়তে হয়; তাই মৃত্যুর আগে মানুষের জন্য কিছু করে যাওয়া উচিত।
অন্য এক পোস্টে সালমান লিখেছেন, যাঁদের চলে যাওয়ার সময় হয়েছে তাঁদের আটকে রাখা সম্ভব নয়। তবে ভালো মানুষেরা দ্রুত পৃথিবী ছেড়ে চলে যান। আর যাঁদের এখনও অনেক দেনা-পাওনা মেটানো বাকি, তাঁরা হয়তো কিছুটা বেশি সময় পান। যারা অসৎ বা দুর্নীতিগ্রস্ত, তাদের সময় আরও পরে আসে!

বন্ধুর মৃত্যুতে কান্না করা সহজ হলেও প্রিয় বন্ধুর জন্য অভিনেতার চোখে এক ফোঁটা জল আসছে না। সামাজিক মাধ্যমে প্রচলিত ‘আরআইপি’ (RIP) শব্দের ব্যবহার এড়িয়ে সালমান জানান, তিনি সুশীলকে কোনো মৃতদেহ হিসেবে দেখতে চান না; তাঁকে তাঁর নামেই ডাকতে চান।
সবশেষে বন্ধুকে ছাড়া নিজের একাকীত্বের কথা জানিয়ে সালমান বলেন, সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এখন বন্ধুকে ছাড়া একাকীত্বে লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইএইচ/




