কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক ঢালিউড। দুই ঈদে ছবি মুক্তির হিড়িক পড়ে। ঈদের আমেজ শুরু হতেই এবারও সামাজিক মাধ্যম সয়লাব ছবি মুক্তির ঘোষণায়।
ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমার তালিকায় আছে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’, ‘ট্রাইব্যুনাল’, ‘বনলতা সেন’, ‘রঙবাজার’,‘হাঙর’, ‘মালিক’, ‘দুর্বার’, ‘কাট পিস’, ‘ডোডোর গল্প’, ‘তছনছ’ এবং ‘অফিসার’।
বিজ্ঞাপন
মুক্তির তালিকায় এক ডজনের বেশি থাকলেও প্রচারণার সলতেয় আলো শুধু ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’-এর। অন্যদিকে বাকিগুলোর বিরাজ করছে সুনসান নীরবতা।
খোঁজ নিয়ে জানা গেল, মুক্তিতে অনিশ্চয়তাই প্রচারহীনতার কারণ। ছোট হচ্ছে ঈদের সিনেমার তালিকা। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ছবি। কয়েকটি মুক্তি নিয়ে এখনও নিশ্চিত না।

বিজ্ঞাপন
রোজার ঈদে মুক্তির কথা ছিল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নুসরাত ফারিয়া ও তানিয়া বৃষ্টির ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি। তবে বিশ্বস্ত সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে এ ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না।
সূত্রের কথায়, ‘‘ট্রাইব্যুনাল’ ৭০ শতাংশ কাজ শেষ। যেটুকু শুটিং বাকি আছে শেষ হতে ৮-১০ দিন লাগবে। এরমধ্যে তানিয়া বৃষ্টিরও কিছু শুটিং বাকি আছে। সেটা দুই দিনের মতো। যেহেতু অভিনেত্রী এখন অসুস্থ সেহেতু সহসা তার অংশ শেষ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে রোজার ঈদে ছবিটি আসছে না। শুটিং শেষ হলে কোরবানি ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।’’ তবে নির্মাতা রায়হান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি তাকে।
ঈদে আসার কথা ছিল মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ‘বনলতা সেন’ সিনেমা। কিন্তু শেষ পর্যন্ত নাবিলা ও খায়রুল বাসারের ছবিটি সরে দাঁড়িয়েছে মুক্তির মিছিল থেকে। নির্মাতা বললেন, ‘ঈদে আসছে না বনলতা সেন। একটু দেরি হবে। মুক্তির তারিখ এখনও নির্ধারণ করিনি। হতে পারে কোরবানি ঈদ কিংবা পয়লা বৈশাখ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব।’
মুক্তির মিছিল থেকে সরে আসার কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কেবলই নির্বাচন শেষ হলো। রোজা শুরু হয়ে গেল। রমজান তো সিনেমার প্রচারণার জন্য অনুকূল না। আর প্রচারণা ছাড়া এরকম একটি অফট্র্যাকের ছবি মুক্তি দেওয়া অনুচিত বলে মনে করছি। কাজটা যেহেতু জীবনানন্দ দাসকে নিয়ে। সেহেতু মুক্তির আয়োজনটা অনেক বড় পরিসরে হওয়া উচিত। চাই অনেক মানুষ দেখুক।’
এছাড়া ‘বনলতা এক্সপ্রেসে’র সঙ্গে নামের মিলও সরে দাঁড়ানোর একটি কারণ বলে জানান উজ্জ্বল। বলেন, ‘‘প্রচারেও একটু জটিলতা আছে। কেননা ঈদে ‘বনলতা এক্সপ্রেসে’ নামে একটি ছবি আসছে। আমার মনে হয়েছে নামে যেন জটিলতা না হয় তাই সরে আসা। তবে এটা মূল কারণ না। অনেকগুলো কারণের একটি।’’
পরিচালক রেজা ঘটকের কথায় স্পষ্ট ঈদে মুক্তি মিলছে না পরীমণি ও সাইমন সাদিক অভিনীত ‘ডোডোর গল্প’-এর। তিনি বলেন, ‘আমাদের সিনেমার ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। এরপর এডিটিং, কালার গ্রেডিংয়ের কাজ আছে। সব মিলিয়ে এক মাসের মতো লাগবে আমার। ওই জায়গা থেকে ঈদে আসার সম্ভাবনা ক্ষীণ।’

ঈদের আসার কথা ছিল অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’। আসছে কি না জানতে চাইলে পরিচালক কামরুল হাসান ফুয়াদ সুনির্দিষ্ট করে জানাতে পারলেন না। বললেন, ‘ছবিটির সম্পাদনা চলছে। আমরা আগামীকাল জানাব ছবিটির মুক্তির তারিখ।’

ঈদে মুক্তির কথা থাকলেও প্রচারণায় নেই প্রমোদ অগ্রাহারি ও তাহমিনা অথৈয়ের ‘হাঙর’। পরিচালক তন্ময় সূর্য বলেন, ‘আমরা ইচ্ছা করেই প্রচারণা থেকে বিরত আছি। এবার ঈদের বেশকিছু ভালো সিনেমা আসছে। প্রতিযোগিতাটা উৎসবের মতো একসঙ্গে করতে চাই। সেজন্য অপেক্ষা। মুক্তির ক্ষেত্রে আমার জায়গা থেকে তৈরি আছি। বাকিটা নির্ভর করছে প্রযোজনা সংস্থার ওপর।’
প্রযোজক গাজী মাহবুবের কথায় অনিশ্চয়তা স্পষ্ট। তিনি বলেন, ‘এখনও তারিখ নির্ধারণ করতে পারিনি। দেখা যাক কী হয়। ঈদে বেশ কয়েকটি বড় প্রজেক্ট আসছে। যেহেতু আমাদের সিনেমার বাজার ছোট। সে কারণে মুক্তি নিয়ে কিছুটা ভাবছি।’

৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে রাশিদ পলাশ বানিয়েছেন ‘রঙবাজার’। শম্পা রেজা ও জান্নাতুল পিয়ার ছবিটির প্রচারণায় নীরবতা সন্দেহ জাগায়। জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আমাদের কনটেন্ট প্রস্তুত। ঈদের জন্য তৈরি। ওই জায়গা থেকে বলতে পারি ঈদে ছবিটা আসছে। তবে মুক্তির বিষয়টি প্রযোজনা সংস্থার ওপর। আমরা আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’
ঈদে মুক্তির কথা ছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। কিন্তু প্রচারণার নামগন্ধ নেই। পরিচালক সাইফ চন্দনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। এতে ছবির মুক্তি নিয়ে সন্দিহান।

মুন্না খান অভিনীত ‘তছনছ’ সিনেমার প্রচারবিমুখতার কারণ জানতে পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানালেন এখন পর্যন্ত ঈদে মুক্তির তারিখ নিয়েছে শুধু মাহিয়া মাহি ও ডিএ তায়েবের ‘অফিসার’।
ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে প্রচারণার বাতি জ্বালিয়ে মুক্তির বার্তা দিচ্ছে হলো শাকিব খান-তাসনিয়া ফারিণ অভিনীত ‘প্রিন্স’, সিয়াম আহমদের ‘রাক্ষস’, রায়হান রাফী পরিচালিত বুবলী ও নাজিফা তুষির ‘প্রেশার কুকার’, আফরান নিশো অভিনীত ‘দম’, শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ এবং তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’।
আরআর

