রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

দাখিল পরীক্ষার্থীদের ই-টিসি ও তথ্য সংশোধনে সময় বেঁধে দিল বোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

দাখিল পরীক্ষার্থীদের ই-টিসি ও তথ্য সংশোধনে সময় বেঁধে দিল বোর্ড

দাখিল পরীক্ষা-২০২৭ এর শিক্ষার্থীদের মাদরাসা পরিবর্তনের জন্য ই-টিসি আবেদন, বিভাগ, বিষয় কোড ও ছবি পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব কার্যক্রম শেষ করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পর অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং অসম্পূর্ণ আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

রোববার (১১ অক্টোবর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ডের আওতাধীন অনুমোদিত সংশ্লিষ্ট সব মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দাখিল দশম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ছাড়পত্রের মাধ্যমে মাদরাসা পরিবর্তন করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ই-টিসির আবেদন সম্পন্ন করতে হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, কিন্তু পুরো প্রক্রিয়া শেষ করেননি, তাদেরও আগামী ৫ নভেম্বরের মধ্যে বাকি কার্যক্রম শেষ করতে হবে।

এজন্য শিক্ষার্থীদের বর্তমান ও ভর্তিচ্ছু মাদরাসার সঙ্গে যোগাযোগ করে আবেদনের ‘Forward/Accept’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে বিভাগ, বিষয় কোড ও ছবি পরিবর্তনের আবেদনসহ প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হবে।

বোর্ড জানিয়েছে, আগামী ৫ নভেম্বরের পর দাখিল পরীক্ষা-২০২৭ এর ই-টিসি, বিভাগ, বিষয় কোড ও ছবি পরিবর্তন সংক্রান্ত সব অনলাইন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ওই সময় পর্যন্ত যেসব আবেদন অসম্পূর্ণ থাকবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এসব কার্যক্রমে কোনো সমস্যা হলে অফিস চলাকালে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর