রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন
রাজধানীর আগারগাঁওয়ে শাখা অফিস উদ্বোধন করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

রাজধানীর আগারগাঁওয়ে শাখা অফিস চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এই অফিস চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

নতুন শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাফতরিক কার্যক্রম পরিচালিত হবে। সেখানে সভাকক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য অফিস কক্ষও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, কমিশনের বর্তমান ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার কার্যক্রম বাড়লেও সেই তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি ও সমন্বয়ের জন্য ইউজিসির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় কর্মপরিবেশের সংকট রয়েছে। এ কারণে পুরোনো ভবনটি ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে।

অধ্যাপক মামুন আহমেদ জানান, আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন ভবন নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগ বিকল্প স্থানে স্থানান্তর করা হবে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ আগারগাঁওয়ের শাখা অফিসে কার্যক্রম শুরু করেছে।

UGC1

ইউজিসি চেয়ারম্যান বলেন, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক, নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে। উচ্চশিক্ষা সম্প্রসারণ ও পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করতে হবে।

নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত আয়োজন করে ইউজিসি। অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর