আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’ এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থী অংশ নিয়েছেন। ৩ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ সংলাপ আগামীকাল ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শেষ হবে। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
ববির প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন— কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি (২০১৯-২০), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান (২০১৮-১৯), লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ (২০২০-২১), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনন্যা সাহা রায় বৃষ্টি (২০২১-২২) এবং লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার (২০২২-২৩)।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য— ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও আস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। বঙ্গোপসাগরকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংলাপে অংশ নেওয়া ববির শিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে।
তারা বলেন, এটি একটি নতুন ধারার আন্তর্জাতিক প্রোগ্রাম। এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিভিন্ন আলোচনা থেকে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিষয়ে নানা দিকনির্দেশনা পেয়েছি, যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারব।
তাদের মতে, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।
আয়োজকরা জানান, এবারের তিন দিনব্যাপী সংলাপে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা ও তিন শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এতে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় হচ্ছে।
প্রতিনিধি/এফএ




