বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবারের কারণে ৪ অক্টোবরের পর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১ অক্টোবর বিতরণকারী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ অক্টোবরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।
এম/এএম




