মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মজুরি বোর্ডের তৃতীয় সভা। ওইদিন বেলা সাড়ে ১১টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করে ২৩ নভেম্বর সভা আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে, অফিস স্টাফ ও কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারে।

এর আগে ১৬ নভেম্বরের সভা স্থগিত হওয়ার পর দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছিলেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

তারা জানান, ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার কথা ছিল। এ জন্য মালিকপক্ষ পূর্ণ প্রস্তুতিও নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন তারা।

মালিকপক্ষের নেতারা আরও বলেন, নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করা প্রয়োজন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন মালিকরা।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের দাবি, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ দাবি জানিয়ে আসছেন তারা।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর