গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। ধারাবাহিক এ বিক্ষোভের জেরে জেলার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শ্রমিকরা এসময় কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুই কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ২২টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এএইচ




