রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১৬ কারখানায় ছুটি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১৬ কারখানায় ছুটি

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মৌচাক এলাকার পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

274c0b5e-dbc4-47c2-83c1-1b6dad32ed94

খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া কাশিমপুর ও কোনাবাড়ী এলাকায়ও বিচ্ছিন্নভাবে শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

কারখানায় কাজে যোগ দেওয়া কয়েকজন শ্রমিক জানান, তারা সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছেন। কারখানার ভেতরে কোনো সমস্যা নেই। তবে বাইরে আন্দোলন শুরু হলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়।

730cdf3f-c6e8-4916-b41f-056f381ed31f

তারা আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। কিন্তু বাইরে নিরাপত্তা না থাকলে তা সম্ভব নয়। এ জন্য পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে।’

অন্যদিকে, সকাল থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল ৮টা থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্ন সড়ক অবরোধ ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে  

এর আগে শনিবার শ্রমিক বিক্ষোভের মুখে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানের ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল ১০টার দিকে কারখানার বাইরে শ্রমিক আন্দোলন শুরু হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, গত ৩১ অক্টোবর থেকে শ্রমিক আন্দোলনের ঘটনায় কালিয়াকৈর থানায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

579319ff-8ddd-458e-955c-dc4f6bbaac16

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, রোববার গাজীপুরে বিভিন্ন কারণে মালিকপক্ষ ১৩টি কারখানা বন্ধ রেখেছে। অন্য কারখানাগুলোতে সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলছে। তবে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর