বাংলাদেশের স্বল্প ও মধ্যম আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও প্রাকৃতিক দুর্যোগসহনশীল আবাসন নিশ্চিত করতে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের আওতায় সরাসরি প্রায় ৪০ হাজার পরিবার উপকৃত হবে।
বুধবার (৭ অক্টোবর) রাতে এ বিষয়ে ঋণ ও প্রকল্প চুক্তি সই হয়। ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ নামের এ প্রকল্পের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। প্রকল্পে নারী ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের আবাসন সুবিধাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
এডিবির সঙ্গে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। পিকেএসএফের পক্ষে প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থার সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান। উভয় চুক্তিতে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং এডিবির পক্ষে স্বাক্ষর করেন।
পিকেএসএফ জানায়, এ ঋণের অর্থ শুধু নতুন বাড়ি নির্মাণে ব্যবহার করা হবে না। পুরোনো বা ক্ষতিগ্রস্ত ঘরের মেরামত ও মানোন্নয়নেও গ্রাহকরা এ অর্থ ব্যবহার করতে পারবেন। ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা এবং প্রচলিত ঋণ সুবিধা পেতে বিভিন্ন জটিলতার মুখে পড়া স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এ আবাসন অর্থায়ন দেওয়া হবে।
প্রকল্পের আওতায় বন্যা, ঘূর্ণিঝড় ও অতিরিক্ত উত্তাপের মতো প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের আবাসন নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এসব এলাকায় বাড়ির নকশা ও নির্মাণকাজে দুর্যোগসহনশীল প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হবে।
পিকেএসএফের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম বাড়ি নির্মাণের মাধ্যমে দুর্যোগের সময় মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি আবাসন নিরাপত্তা নিশ্চিত করাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।
এএইচ/এএম




