রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যাত্রীদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যাত্রীদের দুর্ভোগ

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধ করায় বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত থেকে বরিশাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তেমনি টার্মিনালে যাত্রী নিয়েও আসেনি। এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন।

ভোর থেকেই বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি, উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মহাসড়কের বিভিন্ন স্থানে এবং মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অবরোধ করা হয়। এসব স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর চারটা থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

প্রায় ১২ ঘণ্টা পর টেকেরহাট অংশে যান চলাচল শুরু হলেও গোপালগঞ্জের মুকসুদপুরসহ কয়েকটি পয়েন্টে নিরাপত্তা পরিস্থিতির কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় অবরোধের সময় হামলার অভিযোগ উঠেছে। গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা আলামিন সুমনের ফেসবুক লাইভ থেকে জানা গেছে, তার বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোনের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় পৌঁছলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তার ওপর হামলা করা হয় বলেও ফেসবুক লাইভে দাবি করেন আলামিন সুমন। একপর্যায়ে জীবন রক্ষার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান তিনি।

Bus1

অন্যদিকে, একই রাতে উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায়ও মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভোরে অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল থেকে বিভিন্ন স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টেকেরহাট এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঢাকা-বরিশাল রুটের সাকুরা বাস ডিপোর ম্যানেজার আনিচুর রহমান বলেন, রোববার সারাদিন ঢাকা-বরিশাল রুটে কোনো বাস ছেড়ে যায়নি। স্বাভাবিক সময়ে প্রতিদিন তাদের প্রায় ১০০টি বাস আসা-যাওয়া করে। অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এক দিনে প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, গাড়িতে আগুন দিলে ক্ষতিগ্রস্ত বাস মেরামত করে আবার চালানো সম্ভব; কিন্তু কোনো যাত্রীর প্রাণহানি হলে সেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। মহাসড়কে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে সোমবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে।

Bus2

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, মহাসড়কের কয়েকটি পয়েন্ট অনিরাপদ হয়ে পড়ায় ভোর থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন কমপক্ষে ৪৫০টি বাস আসা-যাওয়া করে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

তিনি আরও বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবরোধের ঘটনায় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে বরিশালের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর