রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: চরমোনাই পীর

রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য, দেশের স্বার্থ বরাবরই নগণ্য হয়ে থেকেছে। রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। ফ্যাসিবাদবিরোধী ঐক্যও চূর্ণ হয়েছে। সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, যার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলায় শুরু হওয়া তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে জেলা প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন রেজাউল করীম।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থের প্রতিফল ভোগ করতে হচ্ছে দেশকে। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, জুলাইয়ের প্রধান দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচারও গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে সেই দায় এড়াতে পারবেন না।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সহিংসতা ও সন্ত্রাস ছিল আপনাদের পতনের অন্যতম কারণ। পতনের পরও সেই সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে ফিরে আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছেন, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচারকৃত টাকা ফেরত দিন।

প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর