বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মাহতাব হোসেন। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মী হিসেবে কাজ করতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কে যান চলাচল অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




