শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

৮ বছর পর চা শ্রমিকদের নির্বাচন, বাগানপাড়ায় উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

৮ বছর পর চা শ্রমিকদের নির্বাচন, বাগানপাড়ায় উৎসবের আমেজ

চা বাগানের শ্রমিক লাইনে এখন অন্যরকম ব্যস্ততা। কারও হাতে প্রার্থীর পোস্টার, কোথাও চলছে ভোটের হিসাব-নিকাশ, আবার কোথাও উঠান বৈঠকে তুলে ধরা হচ্ছে নানা প্রতিশ্রুতি। দীর্ঘ আট বছর পর চা শ্রমিকদের নেতৃত্ব নির্বাচন ঘিরে এমনই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মৌলভীবাজারের চা বাগানপাড়ায়। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ভোটে নতুন নেতৃত্ব বেছে নিতে প্রস্তুতি নিচ্ছেন চা শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ও বাগানে বাগানে গিয়ে প্রচার চালাচ্ছেন। কোথাও উঠান বৈঠক, কোথাও সভা, আবার কোথাও ছোট ছোট মিছিল— সব মিলিয়ে চা বাগানগুলোতে বইছে নির্বাচনি হাওয়া।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শ্রম অধিদফতরের তথ্যমতে, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

সম্প্রতি জেলার বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায়, শ্রমিক লাইনগুলোতে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। চায়ের দোকানগুলোতেও গরম চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে চলছে প্রার্থী ও ভোটের হিসাব-নিকাশ। কে ভালো, কার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি এসব আলোচনা এখন চা বাগানের শ্রমিকদের আড্ডার প্রধান বিষয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন নেতৃত্ব চান, যারা শ্রমিকদের দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবেন। সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখবেন। নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশার তালিকাও দীর্ঘ। মজুরি বৃদ্ধির পাশাপাশি আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন তারা।

কয়েকজন শ্রমিকের ভাষ্য, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সংগঠনের নেতৃত্বের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরত্ব তৈরি হয়েছে। এবার ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে সেই দূরত্ব কমবে। পাশাপাশি বাগানভিত্তিক সমস্যাগুলো সাংগঠনিক কাঠামোর মাধ্যমে তুলে ধরে সমাধানের পথ তৈরি হবে বলে তাদের প্রত্যাশা।

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সাবিত্রী ভূঁইয়া বলেন, এখন আমাদের চা বাগান এলাকায় একপ্রকার উৎসব চলতেছে। অনেক প্রার্থী দাঁড়াইছে। সবাই আমাদের কাছে আসতেছে। তবে আমরা ভোটটা দেব দেইখ্যা।

রাজনগর চা বাগানের ভোটার শ্যামলী তাঁতি বলেন, আমরা এমন মানুষকে ভোট দিতে চাই, যারা নির্বাচিত হয়ে শুধু পদে বসে থাকবেন না, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে মাঠে থাকবেন।

করিমপুর চা বাগানের শ্রমিক সীতারাম বলেন, আমাদের মজুরি, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য যারা কথা বলবেন, আমরা তাদেরই বেছে নিতে চাই।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির প্রার্থী কাঞ্চন গৌড় জানান, বাগানের শ্রমিকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াই তার লক্ষ্য।

বালিশিরা ভ্যালির সভাপতি প্রার্থী বিজয় হাজরা বলেন, আমি একটি শহীদ পরিবারের সদস্য। চা বাগানের মাটিতে আমার পরিবারের রক্ত রয়েছে। এই রক্তের দাবি থেকেই আমি শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দি জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নে কাজ করতে চান তিনি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই তার লক্ষ্য।

একই পদে আরেক প্রার্থী মুকেশ কর্মকার বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করতে চাই।

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা বলেন, শ্রমিক ভাইয়েরা জানেন, আমি সব আন্দোলনে ছিলাম। শ্রমিকদের কোনো সমস্যার কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকায় নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।

অপর সভাপতি পদপ্রার্থী পংকজ কন্দ জানান, এটি বাংলাদেশের একটি বৃহৎ ট্রেড ইউনিয়ন। এই ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে কাজ করে। তিনি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকতে চান।

শ্রম অধিদফতরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, এই নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে একটি প্যানেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্বের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির জন্য।

ভোটের প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর