হেমন্তের শেষভাগে এসে চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজারে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। সন্ধ্যা নামতেই বইছে হিমেল হাওয়া। বিশেষ করে শ্রীমঙ্গলের চা-বাগান, পাহাড়ি টিলা আর সবুজ প্রকৃতিতে শীতের উপস্থিতি জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামার পর থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের উপস্থিতিতে শীতের অনুভূতি কিছুটা কমে আসছে।
এদিকে, সকালবেলা শহর ও গ্রামের মানুষকে হালকা শীতের আবহে দিনের কাজ শুরু করতে দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের কাছে শীতের উপস্থিতি বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে সকালবেলার স্বাভাবিক কর্মব্যস্ততায়ও কিছুটা পরিবর্তন আসছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/টিবি




