শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ থাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা-বাগান ও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় প্রায় সাত ঘণ্টার বৈঠক শেষে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ চার দফা সিদ্ধান্তে একমত হন। শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে হাউজ বালিশিরার চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ১৩ (১) ধারা অনুযায়ী কোম্পানির নির্দেশক্রমে ১৩ নভেম্বর থেকে খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে, প্রশাসনের বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত শ্রমিক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্যাপনের জন্য উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে। মন্দিরের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সরকারি বরাদ্দের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক আচরণ না করে এবং শ্রমিকদের কাজে নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করে।
শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরীছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে।
প্রতিনিধি/টিবি




