বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাইল হাওরের বুকে লাল শাপলার রাজ্য, মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

হাইল হাওরের বুকে লাল শাপলার রাজ্য, মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা
হাইল হাওরের বুকে লাল শাপলার রাজ্য, মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওরের সানন্দা বিল এখন লাল শাপলার অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে, যা পর্যটকদের ব্যাপক আকর্ষণ করছে। নামের পরিচয় ছাপিয়ে বিলটি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিতি পেয়েছে ‘শাপলা বিল’ নামে। হাইল হাওরের বুকে বিস্তীর্ণ জলরাশিতে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। ভোরের আলো, লাল শাপলার সমারোহ আর পাখির কলকাকলি মিলে জলাভূমিটি হয়ে উঠেছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের আধার।

বিলজুড়ে বিশাল সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে অসংখ্য লাল শাপলা। যত দূর চোখ যায়, দেখা মেলে লাল শাপলার। দূর থেকে মনে হয়, জলরাশির ওপর বিছিয়ে রাখা হয়েছে লালগালিচা। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে শাপলার এই সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রকৃতির এমন রূপ দেখতে ভোর থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

1000265677

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক ঘণ্টার পথ পেরিয়ে মির্জাপুর বাজারে পৌঁছানো যায়। বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সানন্দা বিল। টমটম, অটোরিকশা ও নৌকায় বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। স্থানীয়দের পরামর্শ, শাপলার সৌন্দর্য ভালোভাবে দেখতে খুব ভোরে সেখানে যাওয়া উচিত।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে সানন্দা বিল জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। এ জন্য যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। একই সঙ্গে শাপলা না ছেঁড়া, জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

1000265681

বুধবার (২৫ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায়, বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা। কেউ নৌকায় ঘুরে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য, কেউ আবার মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে ধরে রাখছেন স্মৃতি। সূর্য ওঠার আগেই প্রত্যন্ত এই জনপদে শুরু হয় মানুষের পদচারণা।

কথা হয় নৌকার মাঝি তাহির মিয়ার সঙ্গে। তিনি বলেন, মাছ ধরার মৌসুমের পাশাপাশি এখন পর্যটকদের নৌকায় ঘুরিয়ে দেখিয়েও বাড়তি আয় করা যাচ্ছে। এতে তাদের উপার্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরেক মাঝি জালাল হোসেন বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই মানুষ শাপলা দেখতে আসছেন। তাদের বিল ঘুরিয়ে দেখাতে প্রায় ১৫ থেকে ২০টি নৌকা চলাচল করছে। এতে স্থানীয় নৌকার মাঝিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

1000265683

পর্যটকদের আগমন ঘিরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শ্রীমঙ্গলের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, পর্যটকদের আনাগোনায় স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। নৌকা চালিয়ে বাড়তি আয় করছেন মাঝিরা। পাশাপাশি মির্জাপুর বাজারের খাবার হোটেল, চায়ের দোকান ও মুদি দোকানেও বেচাকেনা বেড়েছে।

ভোরে মৌলভীবাজার শহর থেকে মোটরসাইকেলে শাপলা বিলে ঘুরতে এসেছেন জায়েদ আহমদ। তিনি বলেন, অসাধারণ এই শাপলা বিল দেখে আমরা মুগ্ধ। এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে।

1000265679

স্থানীয় সাংস্কৃতিককর্মী রুপম আচার্য্য বলেন, একসময় নির্জন জলাভূমি হিসেবে পরিচিত সানন্দা বিল এখন লাল শাপলার কারণে নতুন পরিচিতি পেয়েছে। আগেও এখানে শাপলা ফুটত, তবে এত ব্যাপক সমারোহ দেখা যায়নি। এখন লাল শাপলার পাশাপাশি পরিযায়ী পাখির উপস্থিতি জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, সানন্দা বিল সব সময়ই দেশীয় মাছের জন্য বিখ্যাত। ইদানীং লাল শাপলার কারণে বিলটি নতুন করে পরিচিতি পেয়েছে। শাপলা রাতে ফোটে, তাই ভোরে বা খুব সকালে এলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। যারা এখানে আসবেন, তাদের খুব সকালে আসার পরামর্শ দেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, লাল শাপলা এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। পর্যটকদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর