মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুষ্কৃতকারীদের কোনো ছাড় নয়, পুলিশকে সহযোগিতার আহ্বান ভিপি জয়নালের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

দুষ্কৃতকারীদের কোনো ছাড় নয়, পুলিশকে সহযোগিতার আহ্বান ভিপি জয়নালের
ফেনী সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

তিনি বলেছেন, ‘বাহির থেকে নির্দেশ আসছে, যার কারণে দেশে পালিয়ে থাকা দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব শয়তানদের যেখানে পাবেন, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেবেন। এজন্য দেশের সবাই মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই সবাই শান্তিতে থাকতে পারবেন। উন্নয়নের দিকে যেতে পারবেন।’

সোমবার (২৩ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের দলের লোকজনকে বলা হয়েছে, হাঁটাচলা সাবধানে করো। চোর ডাকাত নিয়ে ফেনীতে কোনো রাজনীতি করা হবে না। অপরাধ করলে দলের ভেতরে বাহিরে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘মাদকের আমদানি একদিকে দেশের ক্ষতি করছে, অন্যদিকে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজেদের বাঁচার প্রয়োজনে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে মাদক কারবারে একজন থাকলেও তাকে বের করে দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য পেলেই আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন। আমরা সবাই সচল হলে মাদক পালিয়ে যাবে। আমরা অচল হলে ভবিষ্যৎ অন্ধকার।’

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে সভায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তপন কুমার কর, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা হারুনুর রশিদ, বিজিবির সুবেদার মোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়াও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউপি প্রশাসকরা উপস্থিত থেকে মতামত দেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর