মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

অভিযোগপত্রে শিক্ষকদের স্বাক্ষর জালের অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

অভিযোগপত্রে শিক্ষকদের স্বাক্ষর জালের অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহারের বিরুদ্ধে দেওয়া একটি অভিযোগপত্রে শিক্ষকদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে।

জেলা শিক্ষক সমিতির কয়েকজন নেতা অভিযোগপত্রটি তৈরি করে স্থানীয় সংসদ সদস্য ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগপত্রের সঙ্গে ২৫ জন শিক্ষকের স্বাক্ষর সংবলিত তালিকা আছে। এর প্রথম ক্রমিকে স্বাক্ষর করেছেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহার শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, অর্থ আত্মসাত ও দাফতরিক কাজে বিভিন্নভাবে হয়রানি করেন।

স্বাক্ষর দেওয়া তালিকার ২৫ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কোনো অভিযোগ দেননি, স্বাক্ষরও করেননি। আরও কয়েকজন শুনেছেন তাদের স্বাক্ষর জাল করা হয়েছে।

কয়েকজন প্রধান শিক্ষক জানান, অফিসের কাজের কথা বলে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল। অভিযোগপত্রে জমা হবে, তা জানলে তারা সই দিতেন না। বক্তব্য জানতে  ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর চৌধুরীকে ফোন করা হলে তিনি জরুরি কাজের কথা বলে লাইন কেটে দেন। পরে আর যোগাযোগ করা যায়নি।

কয়েকজন প্রধান শিক্ষক জানান, কামরুন নাহার একজন স্পষ্টবাদী মানুষ। তার কথায় কয়েকজন শিক্ষক কষ্ট পেয়ে এসব অভিযোগ তুলেছেন। কিন্তু অভিযোগপত্রে শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করা শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করেছে। এর দ্রুত বিচার হওয়া দরকার।

কামরুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বণ্টনে আমার একক সিদ্ধান্ত থাকে না। আশা করি, কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবেন।

জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ ও সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা জানান, তারা বিষয়টি মৌখিকভাবে শুনেছেন এবং খোঁজখবর নিচ্ছেন। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর