শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনার দুই মিল ঘিরে নতুন স্বপ্ন, ২ হাজার মানুষের কর্মসংস্থানের আশা

কামাল হোসেন, খুলনা
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

খুলনার দুই মিল ঘিরে নতুন স্বপ্ন, ২ হাজার মানুষের কর্মসংস্থানের আশা

একসময় শিল্প-সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল রূপসা পাড়ের খুলনা। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অঞ্চলের। পাটকল, নিউজপ্রিন্ট মিল, জাহাজ নির্মাণসহ নানা শিল্পপ্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে মুখর ছিল খুলনার জনপদ। কিন্তু সময়ের পরিক্রমায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে, থমকে গেছে উৎপাদনের চাকা, সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শিল্পনগরীর সেই সুদিন আজ অনেকটাই অতীত।

কেন এই পতন? কীভাবে হারিয়ে গেল শিল্পের গৌরব? কী অবস্থায় আছে বন্ধ ও চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো? সম্ভাবনার নতুন দুয়ার কোথায়? ঐতিহ্য, সংকট, সম্ভাবনা ও মানুষের জীবন-জীবিকার গল্প নিয়ে ঢাকা মেইলের বিশেষ ধারাবাহিক আয়োজন ‘রূপসা পাড়ের খুলনা।’

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ভৈরব নদের তীরে নিউজপ্রিন্ট এবং হার্ডবোর্ড মিল নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরিত্যক্ত মিল দুটির চাকা ঘোরাতে বছরের পর বছর কেবল পরিকল্পনা করা হলেও আলোর মুখ দেখেনি। কখনো কাগজের মিল, কখনো রাসায়নিক কারখানা, ওষুধের কাঁচামাল (এপিআই) ও স্টার্চ কমপ্লেক্স, আবার সর্বশেষ লিথিয়াম ব্যাটারি কারখানা স্থাপনের পরিকল্পনা সামনে এসেছে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, এবার বাস্তবায়নের সে সম্ভাবনা তৈরি হয়েছে। একসময় কর্মচাঞ্চল্যে মুখর মিল দুটি ঘিরে গড়ে উঠেছিল কয়েক হাজার শ্রমিকের জীবন-জীবিকা। কিন্তু দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় শিল্পাঞ্চলের সেই কর্মচাঞ্চল্য এখন অতীত। তবে পরিত্যক্ত জমিতে নতুন শিল্প আবারও ফিরিয়ে আনতে পারে সেই চাঞ্চল্য।

অতীতের শিল্পসমৃদ্ধি ও বন্ধ হওয়ার ইতিহাস

১৯৫৯ সালে ভৈরব নদীর তীরে প্রতিষ্ঠিত হয় খুলনা নিউজপ্রিন্ট মিল। এর জমির পরিমাণ ৮৭ দশমিক ৬১ একর। বছরে ৪৮ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি একসময় দেশের সংবাদপত্রশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজপ্রিন্ট ছাড়াও এখানে বুকপ্রিন্ট, র‌্যাপার, ব্লু ম্যাচ পেপারসহ বিভিন্ন ধরনের কাগজ উৎপাদিত হতো। কিন্তু লোকসানের কারণ দেখিয়ে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ৩ হাজার ২০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

3

অন্যদিকে, নিউজপ্রিন্ট মিলের পাাশে ১৯৬৫ সালে ৯ দশমিক ৯৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় খুলনা হার্ডবোর্ড মিল। ১৯৬৬ সালে উৎপাদন শুরু করা দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানাটির বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩শ লাখ বর্গফুট। সুন্দরবনের সুন্দরী কাঠ ছিল এর অন্যতম প্রধান কাঁচামাল। এ কাঠের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, কাঁচামাল সংকট ও মূলধনের অভাবে ২০১৩ সালের ২৬ নভেম্বর কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। 

জমির বর্তমান অবস্থা
 
খুলনা নিউজপ্রিন্ট এবং হার্ডবোর্ড মিল মিলে দুই প্রতিষ্ঠানের জমির পরিমাণ প্রায় ১শ একর। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিকে পাওয়ার প্লান্ট তৈরির জন্য দেওয়া ৫০ একর বাদে বাকি প্রায় পঞ্চাশ একর জায়গা পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। অবকাঠামো বলতে রয়েছে নিউজপ্রিন্ট মিলের প্রশাসনিক ভবন এবং গোডাউন। এ ছাড়া হার্ডবোর্ড মিলের অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় সবগুলো ভবনে নিচ থেকে ছাদ পর্যন্ত ঝোপ-জঙ্গলে ভরা।

মিল সংশিষ্টরা জানান, মিল দুটিতে যন্ত্রপাতি বলতে রয়েছে কেবল চারটি জেটি। এ ছাড়া বাকি যন্ত্রপাতি মিল বন্ধ হওয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃপক্ষ দেশের অন্যান্য মিলগুলোতে সরিয়ে নিয়েছে। 

4

দফায় দফায় পরিকল্পনা

দুটি মিল বন্ধ হওয়ার পর থেকেই পরিত্যক্ত জমিতে নতুন শিল্প স্থাপনের আলোচনা শুরু হয়। নিউজপ্রিন্ট মিলের ৫০ একর জমি বাদে নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের অবশিষ্ট প্রায় ৫০ একর জমিতে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এলাম প্ল্যান্ট কিংবা পেপার মিল স্থাপনের পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়নের মুখ দেখেনি।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে নিউজপ্রিন্ট মিলের জমিতে ওষুধশিল্পের কাঁচামাল তৈরির এপিআই কারখানা স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। বিসিআইসির পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৪০ একর জমিতে কারখানাটি নির্মাণের কথা ছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিকল্পনাটি বাদ দেওয়া হয়।

এর মধ্যেই নতুন সম্ভাবনা হিসেবে সামনে আসে লিথিয়াম ব্যাটারি কারখানা। নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের জমিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে চীনের সহযোগিতা চায় শিল্প মন্ত্রণালয়। 

অবশেষে আলোর সম্ভাবনা

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দেওয়া ৫০ একর জায়গা বাদে বাকি জায়গায় কাজে লাগানোর জন্য দুটি দেশীয় প্রতিষ্ঠান এবং দুটি চায়না প্রতিষ্ঠানের সাথে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সরকারি উদ্যোগে প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় লভ্যাংশের ভিত্তিতে চলবে মিল।

3

কারখানা পরিচালনায় যে বিদ্যুৎ এবং ফ্লু গ্যাসের প্রয়োজন তা পাওয়ার প্লান্ট থেকে আসবে। এ ছাড়া ভবিষ্যতে গ্যাসের প্রয়োজন হলে কারখানার সামনে দিয়ে সুন্দরবন গ্যাস ফিল্ডের যে লাইন রয়েছে সেখান থেকে সংযোগ নেওয়া যাবে।

কি উৎপাদন হবে

ওষুধের কাঁচামাল তৈরির জন্য (এপিআই) কারখানা, সোলার পাওয়ার প্লান্ট, সোলার ব্যাটারি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং, ইভি গাড়ির ব্যাটারি অর্থাৎ জাপানের টয়োটা বাংলাদেশে যে গাড়ি উৎপাদন করবে তার ব্যাটারি এখানে তৈরি হবে। এ ছাড়া চায়নিজ একটি প্রতিষ্ঠানের টেক্সটাইল মিল করার পরিকল্পনা রয়েছে।

খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাইদ জানান, খুলনার অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল ইজারায় দেওয়া হবে না। সরকার এবং বেসরকারি যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠিত হবে। একদিকে নদী, রেলপথ এবং সড়ক পথের চমৎকার সমন্বয় রয়েছে এখানে। ফলে জায়গাটি একটি ইন্ডাসস্ট্রিয়াল পার্ক হিসেবে গড়ে তোলা হবে।

শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, মিল দুটি চালু হলে ন্যূনতম দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। আর ইন্ড্রাসট্রিয়াল পার্ক হিসেবে করা গেলে কর্মসংস্থান আরও বাড়বে।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, নিউজপ্রিন্ট মিলের একটি বিদ্যুৎকেন্দ্র হয়েছে। যেটি বন্ধ আছে, সেটি চালুর চিন্তাভাবনা আছে। এটি চালু হলে আরও ছোট ছোট কলকারখানা চালু হবে। আশা করি, খুলনার শিল্পাঞ্চল বলতে যে এলাকাগুলো বোঝায়, সেই শিল্পগুলো আবার আগের অবস্থায় ফিরবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর