একসময় শিল্প-সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল রূপসা পাড়ের খুলনা। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অঞ্চলের। পাটকল, নিউজপ্রিন্ট মিল, জাহাজ নির্মাণসহ নানা শিল্পপ্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে মুখর ছিল খুলনার জনপদ। কিন্তু সময়ের পরিক্রমায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে, থমকে গেছে উৎপাদনের চাকা, সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শিল্পনগরীর সেই সুদিন আজ অনেকটাই অতীত।
কেন এই পতন? কীভাবে হারিয়ে গেল শিল্পের গৌরব? কী অবস্থায় আছে বন্ধ ও চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো? সম্ভাবনার নতুন দুয়ার কোথায়? ঐতিহ্য, সংকট, সম্ভাবনা ও মানুষের জীবন-জীবিকার গল্প নিয়ে ঢাকা মেইলের বিশেষ ধারাবাহিক আয়োজন ‘রূপসা পাড়ের খুলনা।’
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ফিরছে বেসরকারি ব্যবস্থাপনায়। মিলগুলো ইজারা দেওয়ায় নতুন বিনিয়োগ ও শিল্পায়নের সম্ভাবনা তৈরি হলেও অনিশ্চয়তা কাটেনি কর্মসংস্থান নিয়ে। কোথাও উৎপাদন শুরুর অপেক্ষা, কোথাও চালুর পরও বন্ধ রয়েছে কারখানার কার্যক্রম। আবার কোনো কোনো মিলে পাটজাত পণ্যের পরিবর্তে বিকল্প শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নতুন বিনিয়োগে কতটা কর্মসংস্থান তৈরি হবে, আর কাজ হারানো পুরোনো শ্রমিকদের কতজন ফিরতে পারবেন-সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
২০২০ সালে তৎকালীন সরকার খুলনার সাতটিসহ দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে। এতে খুলনাঞ্চলে প্রায় ২৯ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। দীর্ঘদিনের পাটশিল্পনির্ভর খুলনার শিল্পাঞ্চলে কর্মসংস্থানের বড় সংকট তৈরি হয়। পরবর্তী সময়ে বন্ধ মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
২০২৩ সালের ৪ সেপ্টেম্বর দৌলতপুর জুট মিল ইজারা দেওয়ার মধ্য দিয়ে খুলনায় এ কার্যক্রম শুরু হয়। সম্প্রতি খুলনাঞ্চলের বন্ধ নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের ৮ টি ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। মামলা জটিলতায় একটির ইজারা সম্পন্ন করা যায়নি।
ইজারায় ফেরা পাটকল ও বিনিয়োগ
বিজেএমসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, দৌলতপুর জুট মিল ইজারা নেয় ফরচুন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি। ২০২৪ সালের মার্চে সেখানে জুতা উৎপাদন শুরু হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কারখানাটি লে-অফ থাকায় প্রায় ৪৫০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

চলতি বছরের ১৬ জুন ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের জন্য মাহবুব গ্রুপ অব কোম্পানিকে ইজারা দেওয়া হয়। খালিশপুর জুট মিল ইজারা নিয়েছে রেডিয়েন্ট গ্রুপ। এ ছাড়া গত ১১ আগস্ট প্লাটিনাম জুবিলি জুট মিল হ্যামকো গ্রুপকে এবং স্টার জুট মিল প্রাণ-আরএফএল গ্রুপকে ইজারা দেওয়া হয়।
স্টার জুট মিলে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে প্লাটিনাম জুবিলি জুট মিলে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে হ্যামকো গ্রুপের। ইস্টার্ন জুট মিল ইজারা নিয়েছে আটলান্টিক জুট লিমিটেড, জেজেআই জুট মিল আকিজ গ্রুপের কাছে, কার্পেটিং জুট মিল রিগ্যাল জুট লিমিটেডের কাছে। তবে আইনি জটিলতায় আলিম জুট মিলের ইজারা কার্যক্রম আটকে আছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে শিল্পকারখানায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে বিনিয়োগের পরিকল্পনা আর বাস্তবে উৎপাদন ও কর্মসংস্থান দুটি ভিন্ন বিষয়।
পাটপণ্য, নাকি বিকল্প শিল্প
কারখানা সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, স্টার জুট মিলে প্রচলিত পাটজাত পণ্যের পাশাপাশি ব্যাগ, জুতা, মশারি ও ছাতাসহ বিভিন্ন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের। অন্যদিকে প্লাটিনাম জুবিলি জুট মিলে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা বলা হচ্ছে।
এদিকে সবচেয়ে বড় পাটকল ক্রিসেন্ট জুট মিলে ইজারা নেওয়া কোম্পানির আটা, ময়দা, সুজি, সয়াবিন তেল ও মুরগির খাদ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এছাড়া অন্যন্য ছোট পাটকলগুলোতে প্রচলিত পণ্যের পাশাপাশি কিছু পাটজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইজারা নেওয়া কোম্পানিগুলোর।
তবে এসব পরিকল্পনার কতটা বাস্তবায়িত হবে, উৎপাদন কবে শুরু হবে এবং ঘোষিত কর্মসংস্থানের কতটি স্থায়ী চাকরি হবে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। বিশেষ করে নতুন শিল্পে নিয়োগের ক্ষেত্রে সাবেক পাটকল শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
পুরোনো শ্রমিকদের অগ্রাধিকার চান নাগরিক নেতারা
সাবেক শ্রমিকদের দাবি, ঐতিহ্যবাহী পাটকলগুলোতে পাট ও পাটজাত পণ্য উৎপাদন চালু করা হোক। এতে একদিকে দেশের পাটশিল্পের ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে, অন্যদিকে পাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও পণ্য তৈরির কাজে অভিজ্ঞ শ্রমিকদের কাজে ফেরার সুযোগ তৈরি হবে।
ক্রিসেন্ট জুট মিলে একসময় কাজ করতেন আফসার উদ্দীন। তিনি বলেন, ছয় বছর আগে কাজ হারিয়ে জীবনটাই এলোমেলো হয়ে গেছে। স্থায়ী কোনো আয়ের ব্যবস্থা করতে পারিনি। যখন যে কাজ পাই সেটা করি। মিল চালু হওয়ার খবরে আশায় বুক বেঁধে ছিলাম, কিন্তু মিল চালু হচ্ছে ঠিক কিন্তু সেখানে পাট পণ্য উৎপাদিত হবে না শুনে কষ্ট পেয়েছি। তা ছাড়া আমরা পুরানো শ্রমিকরা নিয়োগ পাবো এমন নিশ্চয়তাও নেই।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা ঢাকা মেইলকে বলেন, ‘পাটকলগুলো বেসরকারি খাতে ইজারা দেওয়ার মাধ্যমে মূলত খুলনাঞ্চলের পাট শিল্পকে ধংস করার পরিকল্পনা করা হয়েছে। কোম্পানিগুলোর ইজারা শর্তে মিলগুলোতে ১০ শতাংশ পাট পণ্য উৎপাদনের শর্ত দেওয়া হয়েছে। কিন্তু সেটাও কতটা মানা হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।’
শ্রমিক ও নাগরিক নেতাদের অভিযোগ, আগের ইজারায় দেওয়া কয়েকটি কারখানায় প্রত্যাশিত মাত্রায় পাটপণ্য উৎপাদন হয়নি। কোথাও বিকল্প শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, আবার কোথাও উৎপাদন চালু রাখার ক্ষেত্রেও সংকট দেখা দিয়েছে। ফলে শুধু ইজারা চুক্তি সম্পন্ন হলেই পাটশিল্প পুনরুজ্জীবিত হবে কিংবা শ্রমিকদের কর্মসংস্থান ফিরবে এমন নিশ্চয়তা নেই।
খুলনার পাটকলগুলো ইজারায় ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি হলেও শঙ্কার দিকও রয়েছে। কারণ সেখানে বেকার হওয়া শ্রমিকদের কাজের কোনো নিশ্চয়তা নেই। এমনকি এ অঞ্চলে পাটের সুদিন ফেরার স্বপ্ন ফিকে হচ্ছে।
প্রতিনিধি/এমআর




